অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে পেইড সাবস্ক্রিপশন চালু করেছে মেটা মালিকানাধীন ফেসবুক ও ইনস্টাগ্রাম। ব্যাপকভাবে এই পরিষেবা চালুর আগে দেশ দুটিতে পরীক্ষা করা হচ্ছে। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।
বিজ্ঞাপন থেকে আয় কমে যাওয়ার কারণেই মূলত এ উদ্যোগ মেটার। ওয়েবে এ সুবিধা গ্রহণে ১১ দশমিক ৯৯ ডলার এবং অ্যান্ড্রয়েড ও আইওএসে ১৪ দশমিক ৯৯ ডলার ব্যয় হবে।
দীর্ঘদিন থেকে যেসব ফিচার ফ্রিতে ব্যবহারযোগ্য ছিল সেগুলোর জন্য ব্যবহারকারীরা অর্থ প্রদানে আগ্রহী কি-না তা যাচাই করতেই পেইড ভেরিফিকেশন সার্ভিস চালু করেছে প্রতিষ্ঠানটি।
মেটার বিবৃতি অনুযায়ী, আজ শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) থেকে সরকার প্রদত্ত আইডি কার্ডের তথ্য প্রদানের মাধ্যমে ব্যবহারকারীরা ভেরিফাইড ব্যাজের জন্য আবেদন করতে পারবে। এর মাধ্যমে ছদ্মবেশী অ্যাকাউন্ট থেকে সুরক্ষিত থাকা, সরাসরি কাস্টমার সাপোর্টে যোগাযোগ করাসহ আরো অনেক ফিচার ব্যবহার করা যাবে।
এক সাক্ষাৎকারে মেটার মুখপাত্র জানান, ধীরে ধীরে ফেসবুক ও ইনস্টাগ্রামে মেটার ভেরিফিকেশন চালু করব। আশা করা যাচ্ছে, ৭ দিনের মধ্যে সবার জন্য শতভাগ পরিষেবা প্রাপ্তি নিশ্চিত করা হবে।