আবারো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে যুক্ত হলেন সাবেক লঙ্কান ক্রিকেটার চন্ডিকা হাথুরুসিংহে। বলা যায়, কোচিং ক্যারিয়ারে এটি তার ‘দ্বিতীয় ইনিংস’।
গতকাল সোমবার (২০ ফেব্রুয়ারি) রাতে ঢাকায় পা রাখার পরদিনই তিনি মিরপুর শেরে-ই বাংলা মাঠে হাজির হয়েছেন। আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মাঠে এসে প্রথমেই টাইগার অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে কুশল বিনিময় করেন হাথুরু।
এর আগেই মিরপুরে অনুশীলনে যোগ দেন ইয়াসির রাব্বি, রেজাউর রহমান রাজা, নাজমুল হোসেন শান্ত ও এবাদত হোসেনরা। দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজকে সামনে রেখে এরপর ক্রমান্বয়ে জাতীয় দলের অন্য সদস্যরাও অনুশীলনে যোগ দেবেন।
সোমবার রাত সাড়ে ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখেন হাথুরুসিংহে। নতুন করে হাথুরুর ফেরা উপলক্ষে বিমানবন্দরে সংবাদকর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সে সময় তাৎক্ষণিক মন্তব্যও জানান তিনি, ‘ফিরে আসতে পেরে আমি খুবই খুশি। আমি সবসময়ই বাংলাদেশের মানুষদের পছন্দ করি। এজন্যই এখানে আবার ফিরে এসেছি।’
ইংল্যান্ডের বিপক্ষে ১৪ সদস্যের স্কোয়াড : তামিম ইকবাল, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন, তাইজুল ইসলাম ও তৌহিদ হৃদয়।
বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ মনে করেন হাথুরু বাংলাদেশকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাবেন। সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মাহমুদ বলেন, ‘হাথুরু এবার পরিণত দল পাবেন। তিনি নিজেও এখন পরিণত। ভালোর কোনো শেষ নেই। সবাই বিশ্বকাপ জিততে চায়। আমরা যদি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেতে পারি তাহলে কিছুটা সুযোগ থাকবে। আমি ইতিবাচক। আশা করি, হাথুরুর অধীনে ভালো কিছুই হবে।’
ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম সিরিজ নিয়ে মাহমুদ বলেন, ‘ইংল্যান্ড বিশ্বসেরা দল। তাদের বিপক্ষে খেলটা চ্যালেঞ্জ। ওয়ানডেতে আমরা শক্তিশালী। আমি সিরিজ জয়ের আশা করি। কিন্তু টি ২০তে পিছিয়ে আছি।’