ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ৮:৪৪ অপরাহ্ন

বিংয়ের সঙ্গে কথোপকথনে মাইক্রোসফটের লাগাম

চ্যাটজিপিটিনির্ভর বিং সার্চের নতুন ভার্সন চালু করেছে মাইক্রোসফট।কিন্তু গ্রাহক বা ব্যবহারকারীদের সঙ্গে কথোপকথনের সময় বিভ্রান্তি তৈরি করায় অভিযোগ আসতে থাকে। অভিযোগের পরিপ্রেক্ষিতে ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে চ্যাটবটের সঙ্গে কথোপকথনে লাগাম টেনেছে মাইক্রোসফট। খবর গিজচায়না।

চ্যাটবটের সঙ্গে এখন থেকে প্রতি সেশনে পাঁচটি প্রশ্ন করা যাবে। সব মিলিয়ে প্রতিদিন ৫০টি প্রশ্ন করা যাবে। মাইক্রোসফটের তথ্যানুযায়ী, লম্বা সময় কথা বললে বিং সার্চ ইঞ্জিনের চ্যাটিং মডেল বিভ্রান্ত হতে পারে। এ কারণে সার্চ ইঞ্জিনের চ্যাটিং অভিজ্ঞতায় লাগাম টানছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটি। প্রশ্ন ও বিং সার্চ ইঞ্জিনের কথোপকথন শেষ হলে চ্যাটবটটি স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীকে কথোপকথনের সময় শেষ হয়ে যাওয়ার বিষয়ে জানাবে। নতুন করে পাঁচটি প্রশ্ন করতে ভিন্ন বিষয়ে চ্যাটবটের সঙ্গে কথা বলতে হবে বলে অন্য এক প্রতিবেদন সূত্রে জানা গেছে।

চ্যাটবটটি চালুর পর থেকেই ব্যবহারকারীরা এর অদ্ভুত ও বিরক্তিকর আচরণ সম্পর্কে অভিযোগ জানাতে শুরু করে। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদক চ্যাটবটের সঙ্গে নিজের সামগ্রিক কথোপকথন পোস্ট করেন। সেখানে দেখা যায়, বিভিন্ন কম্পিউটারে হ্যাকিং প্রচেষ্টা চালিয়ে অপপ্রচার ও ভুল তথ্য ছড়াতে চায় চ্যাটবটটি। এমনকি নিজের ভালোবাসা প্রকাশ করে চ্যাটবট এটিও বোঝানোর চেষ্টা করে, রুস নিজের দাম্পত্য জীবনে সুখী নন। এসব বিষয়ে প্রতিবেদন প্রকাশ্যে আসার পর বিংয়ের অস্বাভাবিক আচরণ বিশ্লেষণ করে একটি ব্লগ পোস্ট প্রকাশ করেছে মাইক্রোসফট। সেখানে প্রতিষ্ঠানটি জানায়, ১৫টি বা এর চেয়ে বেশি প্রশ্ন থাকা তুলনামূলক দীর্ঘ চ্যাটিং সেশনে মডেলটি বিভ্রান্ত হয়ে পড়ে ও উত্তর দিতে ব্যর্থ হয়। বিষয়টি বিবেচনায় নিয়ে এখন সার্চ ইঞ্জিনের চ্যাটবটের কথোপকথন সীমিত করছে মার্কিন এ প্রযুক্তি জায়ান্ট।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ