কভিড-১৯ মহামারী, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, অর্থনৈতিক মন্দাসহ বিভিন্ন কারণে প্রযুক্তি খাতে ছাঁটাই চলমান। এতদিন পর্যন্ত কুপারটিনোর প্রযুক্তি জায়ান্ট অ্যাপল বড় ধরনের কোনো ছাঁটাই উদ্যোগ হাতে নেয়নি। তবে বর্তমানে এ প্রযুক্তি জায়ান্টও অব্যাহতি দেয়া শুরু করেছে। খরচ কমানোর উদ্যোগ হিসেবে তৃতীয় পক্ষের ঠিকাদারদের অব্যাহতি দিচ্ছে প্রতিষ্ঠানটি। খবর আইএএনএস।
অবগত সূত্রের বরাতে নিউইয়র্ক পোস্ট প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, আইফোন তৈরিকারী প্রতিষ্ঠানটি নীরবে ১০০-এর বেশি ঠিকাদারের সঙ্গে চুক্তি বাতিল করছে। সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, প্রতি ১২-১৫ মাস পর যেখানে অ্যাপল চুক্তি নবায়নের জন্য অপেক্ষা করে, সেখানে এখন প্রতিষ্ঠানটি ঠিকাদারদের সঙ্গে চুক্তি বাতিল করছে। এ বিষয়ে প্রযুক্তি জায়ান্টটির পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। প্রতিবেদন অনুসারে, ব্যয় কমানোর অংশ হিসেবে ঠিকাদারদের সঙ্গে চুক্তি বাতিল করছে অ্যাপল।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ঠিকাদারদের মোট সংখ্যা প্রকাশ করা হয়নি। তবে প্রতিবেদনগুলোয় কয়েক হাজারের বেশি বলে উল্লেখ করা হয়েছে। এর আগে টিম কুক ছাঁটাইয়ের বিষয়টিকে সবশেষ পন্থা বলে জানিয়েছিলেন। ওয়াল স্ট্রিট জার্নালকে তিনি জানান, অ্যাপল খুব শক্তভাবে ব্যয় নিয়ন্ত্রণ করছে।
২০২২ সালের অক্টোবর ও নভেম্বরে সরবরাহ চেইনে বড় ধরনের সমস্যার সম্মুখীন হয় অ্যাপল। মূলত চীনে কভিড-১৯ সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধ ও ফক্সকনের কারখানায় কর্মীদের বিক্ষোভের কারণে এ সমস্যা হয়। কুক জানান, কভিড-১৯ সংক্রান্ত সমস্যার কারণে আইফোন ১৪প্রো এবং ১৪প্রো ম্যাক্সের উৎপাদন বাধাগ্রস্ত হয়েছে।