বাণিজ্য ও প্রযুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বিরোধ চলমান। ভূরাজনৈতিক এ দ্বন্দ্বের মধ্যে সেমিকন্ডাক্টর অ্যাসেম্বল ও ইন্টিগ্রেটেড সার্কিট ডিজাইনে বিনিয়োগের বিষয়ে ভাবছে সিঙ্গাপুর। সম্প্রতি দেশটির এক শীর্ষ কর্মকর্তা সূত্রে এ তথ্য জানা গেছে। খবর ফ্রিমালয়েশিয়াটুডে।
ব্লুমবার্গ টেলিভিশনের হাসলিন্ডা আমিনকে দেয়া এক সাক্ষাৎকারে সিঙ্গাপুরের অর্থনৈতিক উন্নয়ন বোর্ডের (ইডিবি) চেয়ারম্যান বেহ সোয়ান গিন বলেন, শহর রাষ্ট্রটি সেমিকন্ডাক্টরের সঙ্গে সম্পর্কিত ভ্যালু চেইন কার্যক্রমের ওপর নজর দেবে। সে সময় তিনি যুক্তরাষ্ট্রের তথাকথিত চিপস আইনের পরিণতি নিয়ে আলোচনা করছিলেন। যার উদ্দেশ্য ছিল আমেরিকায় বিনিয়োগ ফিরিয়ে আনা এবং চীনের অর্থনৈতিক প্রভাব রোধ করা।
বেহ বলেন, ‘প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন যে উদ্যোগ নিয়েছে তা মূলত যুক্তরাষ্ট্রে উৎপাদন ও প্রযুক্তিগত উন্নয়ন ফিরিয়ে আনার জন্য শক্তিশালী শিল্প নীতি। এটি বিনিয়োগের জন্য তুমুল প্রতিযোগিতা তৈরি করেছে ।’
তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতি যেমন আমাদের সেভাবেই মানিয়ে নিতে হবে এবং আমাদের ফেয়ার শেয়ার সুরক্ষিত রাখতে কাজ করতে হবে। উল্লেখ্য, বর্তমানে বিশ্বে মোট সেমিকন্ডাক্টর চাহিদার ৫ শতাংশ সিঙ্গাপুর পূরণ করে থাকে।’
২০২২ সালে সিঙ্গাপুর স্থির-সম্পদ বিনিয়োগের প্রতিশ্রুতিতে রেকর্ড ১ হাজার ৭০০ কোটি ডলার আকর্ষণ করেছে।



















