গত শুক্রবার গ্লোবাল টেকনোলজি কোম্পানি অ্যালফাবেট তাদের ২০২২ সালের চতুর্থ ত্রৈমাসিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। যেখানে কোম্পানির সিইও সুন্দর পিচাই বলেছেন, তাদের পিক্সেল স্মার্টফোনের ওটিএ আপডেট প্রক্রিয়া আরো দ্রুত চলছে। প্রতিবেদনে সব মিলিয়ে এটি স্পষ্ট, আগামী দিনে আরো সাধ্যের মধ্যে পিক্সেল স্মার্টফোন লঞ্চের পরিকল্পনা করছে গুগল। খবর গিজচায়না।
অ্যালফাবেটের অধীনে থাকা গুগল ম্যানেজমেন্ট এর আগেও হার্ডওয়্যার অংশকে উন্নত এবং আরো পিক্সেল ডিভাইস আনতে মনোযোগ বাড়ানোর কথা জানিয়েছিল।
প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, ২০২১ সালের চেয়ে ২০২২ সালের চতুর্থ ত্রৈমাসিকে অ্যালফাবেটের আয় ১ শতাংশ বেড়েছে। ওই সময়ের মধ্যে গুগলের বিক্রি করেছে ৭ হাজার ৬০০ কোটি ডলার, যা তার আগের বছরের চতুর্থ ত্রৈমাসিকে ছিল ৭ হাজার ৫৩০ কোটি ডলার। অপারেটিং আয় হয়েছে, ১ হাজার ৮১৬ কোটি ডলার। নেট আয় দাঁড়িয়েছে ১ হাজার ৩৬২ কোটি ডলারে। যদিও আগের বছরের চতুর্থ ত্রৈমাসিকে ৬ হাজার ৯১০ কোটি এবং ১ হাজার ৩৯১ কোটি ডলার মোট মুনাফা করেছিল কোম্পানিটি। আগের বছরের সঙ্গে তুলনা করলে, বিক্রি সামান্য বেড়েছে তবে মোট আয়ের উল্লেখযোগ্য পতন হয়েছে।
প্রতিবেদনে অ্যালফাবেট প্লে স্টোর ও হার্ডওয়্যারের মধ্যে পৃথক কোনো উপাত্ত দেয়নি। তবে সুন্দর পিচাইয়ের দাবি, পিক্সেল বিক্রি এখন দারুণ পর্যায়ে রয়েছে। এর মধ্যে পিক্সেল ৬এ এবং পিক্সেল ৭ প্রো তাদের সর্বোচ্চ বিক্রি হওয়া পিক্সেল প্রজন্ম। এমনকি যেসব দেশে এসব ফোনের বাজার রয়েছে তার সবকটিতে বিক্রি বাড়ছে বলেও দাবি করেন তিনি।
বর্তমানে ১৭টি দেশে পিক্সেলের ফোন পাওয়া যাচ্ছে। এর মধ্যে ডেনমার্ক, নেদারল্যান্ডস, নরওয়ে এবং সুইডেনে এ বছরই পিক্সেল লঞ্চ করেছে গুগল। পিচাই স্পষ্টভাবে জানিয়েছেন, তারা পিক্সেল স্মার্টফোনের ওপর বেশি জোর দেবেন। অন্যদিকে পিক্সেল ওয়াচ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে পিচাই বিস্তারিত কিছু জানাননি। গুগল নিজস্ব মালিকানাধীন সফটওয়্যারের পাশাপাশি তাদের হার্ডওয়্যারে আরো বেশি বিনিয়োগ করার পরিকল্পনা করেছে বলেও জানিয়েছে সুন্দর পিচাই। প্রতিবেদনে একই সঙ্গে ব্যয় সংকোচনের ওপর জোর দিয়েছে অ্যালফাবেট সিইও।



















