ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ৫:৪৫ অপরাহ্ন

স্মার্টফোন বিক্রিতে ইতিহাসের সবচেয়ে বড় অবনমন

বছরের কিছু সময় স্মার্টফোন বিক্রিতে প্রতিষ্ঠানগুলোর প্রত্যাশা বেশি থাকে। বিশেষ করে ছুটির মৌসুমে বিক্রি বেশিই থাকে, কিন্তু ২০২২ সালের চতুর্থ প্রান্তিকে স্মার্টফোন বিক্রিতে ইতিহাসের সবচেয়ে বড় অবনমন ঘটেছে। বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের কর্মী ছাঁটাই, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং গ্রাহক চাহিদায় ভাটা পড়ায় স্মার্টফোন বিক্রিতে ধস নামে। খবর টেকটাইমস।

২০২২ সালের চতুর্থ প্রান্তিকে বৈশ্বিক স্মার্টফোন বিক্রির হিসাব প্রকাশ করেছে বাজার বিশ্লেষক সংস্থা দি ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশন (আইডিসি)। সেখানে দেখা যায়, অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো ৩০ কোটি ৩ লাখ ইউনিট স্মার্টফোন বাজারজাত করেছে, যা ২০২১ সালের একই সময়ের তুলনায় ১৮ দশমিক ৩ শতাংশ কম।

সিএনবিসির প্রতিবেদন অনুযায়ী, এক প্রান্তিকে স্মার্টফোন বিক্রিতে সবচেয়ে বড় অবনমন এটি। আইডিসির মতে, গত বছর সর্বমোট ১২১ কোটি স্মার্টফোন বাজারজাত করা হয়েছে। ২০১৩ সালের পর থেকে সর্বনিম্ন বার্ষিক শিপমেন্ট এটিই। ভোক্তা চাহিদা কমে যাওয়া, মূল্যস্ফীতি ও অর্থনৈতিক অচলাবস্থার কারণে বিক্রিতে নেতিবাচক প্রভাব পড়েছে।

আইডিসির গবেষণা পরিচালক নাবিলা পোপাল জানান, আগের কোনো প্রান্তিকেই তারা ছুটির মৌসুমে এত কম স্মার্টফোন বাজারজাতের রেকর্ড দেখতে পাননি। গ্রাহক চাহিদা ও বাজার পরিস্থিতি ভালো না হওয়ায় বিক্রেতারাও ডিভাইস সরবরাহ উল্লেখযোগ্য হারে কমিয়ে দিয়েছেন।

আইডিসির তথ্যানুযায়ী, ২০২২ সালের শেষে বাজারের যে নেতিবাচক পরিস্থিতি তৈরি হয় সেটি চলতি বছরের পুনরুদ্ধার হার ২ দশমিক ৮ শতাংশ কমিয়ে দিয়েছে। আর্স টেকনিকার প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের চতুর্থ প্রান্তিকের সেরা পাঁচ স্মার্টফোন বিক্রেতা কোম্পানি হলো অ্যাপল, স্যামসাং, শাওমি, অপো ও ভিভো।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ