বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এ দুরন্ত গতিতে ছুটছে সিলেট স্ট্রাইকার্স। সোমবার ঢাকা ডমিনেটরসকে হারিয়ে টানা ৫ ম্যাচে শতভাগ জয় তুলে নিয়েছে মাশরাফির সিলেট। আসরে মাশরাফির নেতৃত্ব গুনে মুগ্ধ দলের প্রতিটি খেলোয়াড়। এবার মাশরাফির অধিনায়কত্বে নিজের মুগ্ধতার কথা জানালেন পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিম।
ঢাকা ডমিনেটরসের বিপক্ষে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন , ‘মাশরাফি বাংলাদেশের হয়ে ২০ বছর খেলেছেন। তার থেকে আপনি এর চেয়ে ভালো কী প্রত্যাশা করতে পারেন। সে ক্রিকেটের কিংবদন্তি। অসাধারণ নেতা, দারুণ মানুষ। তিনি ক্রিকেটের উঠা-নামা সম্পর্কে জানেন কারণ ২০০০ সাল থেকে ক্রিকেট খেলছেন। তিনি কতোটা ভালো তা প্রকাশ করার মতো যথেষ্ট শব্দ আমার কাছে নেই।
ইমাদ ওয়াসিম আরও বলেন, ‘তার জন্য আমার সবটুকুই সম্মানের। মুসলমান হিসেবে আমরা সব সময়ই আমাদের ভাইদের সম্মান করি, সিনিয়র খেলোয়াড়দের সম্মান করি। তাকেও বড় ভাইয়ের মতোই সম্মান করি। অভিভাবক হিসেবে তিনি যা বলেন তাই আমরা অনুসরণ করি। খেলাটাকে তিনি খুব উপভোগ করেন। আমার সঙ্গে কাজ করা সেরা মানুষদের একজন তিনি।
দলের সাফল্যের জন্য জরুরি ড্রেসিংরুমের পরিবেশ ভালো রাখা, কাজটা মাশরাফি ভালো পারেন জানা কথা। সিলেটের সাফল্যের পেছনে ভূমিকা আছে তারও। পাকিস্তানের ইমাদের মুখেও সিলেটের ড্রেসিংরুম নিয়ে ছিলো স্বস্তির কথা। তিনি বলেন, ‘ড্রেসিংরুমের পরিবেশ খুবই ভালো। আমরা খুবই ভালো শুরু পেয়েছি। প্রতিটি দল এমন শুরু চাইবে, চার-পাঁচ ম্যাচ জিততে চাইবে। সৌভাগ্যবশত আমরা সবকটি ম্যাচ জিতেছি। সবচেয়ে ভালো যে বিষয়টি তা হলো, দলের প্রত্যেকের সম্পৃক্ততা আছে। পেসার, স্পিনার, টপ অর্ডার ব্যাটার, মিডল অর্ডার-লোয়ার অর্ডার প্রত্যেকের অবদান আছে। এখন পর্যন্ত আমরা দারুণ কম্বিনেশন পেয়েছি।