২০২৪ সাল নাগাদ মোবাইল ডিভাইসে নিজস্ব ডিসপ্লে ব্যবহারের পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে অ্যাপল। স্যামসাং ও এলজির মতো প্রযুক্তি অংশীদারদের ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি নিজস্ব প্রযুক্তি ব্যবহারের চেষ্টা হিসেবে এ উদ্যোগ নিচ্ছে প্রতিষ্ঠানটি। এছাড়া আগামী বছরের শেষ নাগাদ অ্যাপল ঘড়ির ডিসপ্লে পরিবর্তনের পরিকল্পনাও রয়েছে তাদের। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।
আইফোনসহ অন্যান্য ডিভাইসেও উন্নত সংস্করণের ওএলইডি ও মাইক্রোএলইডি প্রযুক্তি সংযোজনের পরিকল্পনাও রয়েছে এটির। তবে এ ধরনের পরিবর্তনগুলো মূলত অ্যাপলের বাইরের কোম্পানির ওপর নির্ভরতা কমিয়ে স্বদেশী যন্ত্রাংশ প্রতিস্থাপনের ব্যাপক প্রচেষ্টার অংশ, যা কোম্পানিকে এর পণ্যগুলোর নকশা ও সক্ষমতার ওপর আরো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ তৈরি করে দেবে।
এরই মধ্যে এ প্রযুক্তি জায়ান্ট ইন-হাউজ ম্যাক কম্পিউটারে ব্যবহারকৃত ইন্টেল কর্প চিপগুলোকে অপসারণ করেছে। আইফোনের ক্ষেত্রেও একই কাজ করার পরিকল্পনা রয়েছে। যদিও অ্যাপলের ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিনিধি এ বিষয়ের ওপর কোনো মন্তব্য করতে রাজি হননি।
বিশ্বের সবচেয়ে উন্নত ডিসপ্লে নির্মাতা বলা হয় স্যামসাংকে, যারা মূলত টেলিভিশনের জন্য মাইক্রোএলইডির নিজস্ব সংস্করণও তৈরি করেছে। তবে ইন-হাউজ স্ক্রিন ব্যবহার করার মাধ্যমে অ্যাপল দীর্ঘমেয়াদে নিজস্ব ডিভাইসগুলোকে আরো ভালোভাবে কাস্টমাইজ করতে পারবে। পাশাপাশি সরবরাহ শৃঙ্খলে শক্তিশালী নিয়ন্ত্রণ বজায় রাখতে সক্ষম হবে।
গতকাল ব্লুমবার্গে খবরটি প্রকাশের পর এলজির ডিসপ্লে শেয়ার কমেছে ৪ দশমিক ১ শতাংশ। এদিকে সিউলে সকালের লেনদেনের সময় স্যামসাং ইলেকট্রনিকসের বেশির ভাগ শেয়ারের লাভের পরিমাণ কমেছে।