শারীরিকভাবে অক্ষম বা ত্রুটিপূর্ণ গেমারদের জন্য প্লেস্টেশন৫-এর নতুন কন্ট্রোলার উন্মোচন করেছে সনি। বর্তমানে এটিকে প্রজেক্ট লিওনার্দো নাম দেয়া হয়েছে। এটি অনেক বেশি পরিবর্তনযোগ্য একটি ডিভাইস। খবর বিবিসি।
কনসোলে প্রচলিত ডুয়াল সেন্স রিমোটের পরিবর্তে সম্পূর্ণ ভিন্ন নকশায় এটি তৈরি করা হয়েছে। লিওনার্দোর নকশা গোলাকার। এতে বেশকিছু বড় আকারের বাটন ও একক কন্ট্রোল স্টিক রয়েছে। ফলে গেমাররা নিজের প্রয়োজনমতো ডিভাইসটি ব্যবহার উপযোগী করে নিতে পারবে। তবে আনুষ্ঠানিকভাবে কন্ট্রোলারটি কবে বাজারে আনা হবে সে বিষয়ে কিছু জানা যায়নি।
লিওনার্দো বা ডুয়াল সেন্স রিমোটের সঙ্গে কন্ট্রোলারটি ব্যবহার করা যাবে। ফলে গেমার নিজের বন্ধু বা পরিবারের সঙ্গে খেলার সময় বাড়তি সহায়তা পাবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অতিরিক্ত ডিভাইস সংযোগের জন্য এতে বেশকিছু পোর্টও রয়েছে।
সনি ইন্টারেক্টিভ এন্টারটেইনমেন্টের একজন মুখপাত্র বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে জানান, নতুন ডিভাইসটি গতানুগতিক ধারার বাইরে গেমারদের আরো সহজে ও আরামদায়কভাবে গেম খেলার সুবিধা দেবে। বর্তমানে বাজারে যেসব কন্ট্রোলার রয়েছে সেগুলোর তুলনায় হার্ডওয়্যার ও সফটওয়্যারের দিক থেকে সনির ডিভাইস অনন্য।
এক বিবৃতিতে সনি জানায়, এবলগেমারস ও স্পেশালইফেক্ট নামে দুটি সংস্থার বিশেষজ্ঞদের সঙ্গে নতুন এ কন্ট্রোলার নিয়ে কাজ করেছে প্রতিষ্ঠানটি। সংস্থা দুটি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ভিডিও গেম তৈরিতে কাজ করছে। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি মেলা সিইএস ২০২৩-এ নতুন এ ডিভাইস উন্মোচন করেছে সনি এন্টারটেইনমেন্ট।