চলতি বছরে অনলাইন স্ট্রিমিং সার্ভিস ব্যবহার করেছে ৭০ শতাংশেরও বেশি দক্ষিণ কোরীয়। মঙ্গলবার প্রকাশিত এক সরকারি জরিপে এ তথ্য উঠে এসেছে। খবর ইয়োনহাপ এজেন্সি।
কোরিয়া কমিউনিকেশন্স কমিশন (কেসিসি) পরিচালিত বার্ষিক জরিপে দেখা গেছে, ৭২ শতাংশ উত্তরদাতা ২০২২ সালে অন্তত একবার ওভার দ্য টপ বা ওটিটি সেবা গ্রহণ করেছে, গত বছর যেখানে এ হার ছিল ৬৯ দশমিক ৫ শতাংশ। কেসিসির জরিপে অংশ নিয়েছে ৬ হাজার ৭০৮ জন।
উত্তরদাতাদের ৯৫ দশমিক ৭ শতাংশের দাবি, তারা সপ্তাহে অন্তত এক বা তারও বেশিবার ওটিটি সার্ভিস ব্যবহার করেছে। অন্যদিকে ৬০ দশমিক ৭ শতাংশ বলছে, তারা সপ্তাহে পাঁচদিন স্ট্রিমিং সার্ভিসে কনটেন্ট দেখেছে। তারা স্ট্রিমিং সার্ভিসে গড়ে দেড় ঘণ্টা ব্যয় করেছে।
কেসিসির জরিপে উঠে এসেছে, দক্ষিণ কোরিয়ায় সবচেয়ে জনপ্রিয় স্ট্রিমিং প্লাটফর্ম ছিল ইউটিউব (৬৬.১%)। তার পরই রয়েছে নেটফ্লিক্স (৩১.৫%)। স্থানীয় স্ট্রিমিং প্লাটফর্ম টিভিং ও ওয়েভের কনটেন্ট দেখেছে যথাক্রমে ৭ দশমিক ৮ ও ৬ দশমিক ১ শতাংশ দর্শক।