উইন্ডোজ ১১-এর নোটপ্যাড অ্যাপে ট্যাবস ফিচার আনতে পারে মাইক্রোসফট। সম্প্রতি প্রতিষ্ঠানটির একজন কর্মী ভুলবশত এ তথ্য ফাঁস করে দিয়েছে। খবর আইএনএস।
উইন্ডোজ সেন্ট্রালের তথ্যানুযায়ী, নোটপ্যাডের অভ্যন্তরীণ ভার্সনের একটি স্ক্রিনশট অনলাইনে প্রকাশিত হয়েছে, যেখানে ট্যাবস ফিচারটির ইন্টারফেস দেখানো হয়েছে। মাইক্রোসফটের একজন কর্মীর টুইট বার্তা থেকে স্ক্রিনশটটির তথ্য জানা গিয়েছিল। বর্তমানে টুইটটি মুছে দেয়া হয়েছে। স্ক্রিনশটে এক সতর্কবার্তায় ফিচার সম্পর্কে কোনো আলোচনা না করতে এবং স্ক্রিনশট না নেয়ার কথা জানানো হয়েছে।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, চলতি বছরের শুরুতে ইনসাইডারের মতামতের পরিপ্রেক্ষিতে উইন্ডোজ ১১-এর ফাইল এক্সপ্লোরারে ট্যাবস যুক্ত করে মাইক্রোসফট। কয়েক বছর ধরেই ব্যবহারকারীরা এ ফিচার চালুর দাবি জানিয়ে আসছিল। ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা একটি উইন্ডোয় একাধিক ফোল্ডার চালু করতে পারে। এটি অনেকটা একটি ব্রাউজারে একাধিক ওয়েব পেজ একসঙ্গে ব্যবহারের মতো।