ইউটিউবে একেকজন একেক রকমের ভিডিও পোস্ট করে। সব ভিডিও সবার ভালো লাগবে না সেটাই স্বাভাবিক। অনেকে ভিডিও পছন্দ না হলে কমেন্ট বক্সে আক্রমণাত্মক ও বিদ্রূপাত্মক মন্তব্য করে। এ ধরনের কমেন্ট দেয়া বন্ধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে প্লাটফর্মটি। খবর টেকটাইম ও টেকক্রাঞ্চ।
ইউটিউব কর্তৃপক্ষ, কনটেন্ট নির্মাতা ও ব্যবহারকারীর জন্য সাম্প্রতিক বছরগুলোয় কমেন্টে ঘৃণামূলক ও অশ্লীল মন্তব্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এর বিস্তার ঠেকাতে ইউটিউব কর্তৃপক্ষ জানায়, যেসব কমেন্ট প্লাটফর্মটির নীতির বিরুদ্ধে যাবে সেসব কমেন্টদাতাকে একটি নোটিস পাঠিয়ে অবগত করা হবে।
নোটিস পাওয়া সত্ত্বেও কেউ যদি ঘৃণামূলক ও হিংসাত্মক কমেন্ট করে, তাহলে তাকে ২৪ ঘণ্টার জন্য ব্লক করে দেয়া হবে। এর পরও যদি কোনো ব্যবহারকারী কমেন্টে আক্রমণ চালিয়ে যায়, তাহলে তার কমেন্ট করার সক্ষমতা বন্ধ করে দেবে গুগল মালিকানাধীন প্লাটফর্মটি, যা পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত কার্যকর থাকবে।