ইউক্রেনকে অত্যাধুনিক ‘প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম’ পাঠানোর পরিকল্পনা চূড়ান্ত করেছে যুক্তরাষ্ট্র। যা রাশিয়ার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা ঠেকাতে কাজ করবে।
ইউক্রেনের জ্বালানি কাঠামো লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। ফলে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে ইউক্রেনের অনেক এলাকা। এমন পরিস্থিতিতে কিয়েভের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক ‘প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম’ পেতে জরুরি অনুরোধ করা হয়েছে। অবশেষে যুক্তরাষ্ট্রও কিয়েভের অনুরোধে সাড়া দিয়েছে।
মঙ্গলবার মার্কিন সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এবং এপি জানিয়েছে, ইউক্রেনে ‘প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম’ পাঠানোর বিষয়ে বৃহস্পতিবার ঘোষণা দিতে পারে ওয়াশিংটন।
এর আগে, সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশের আরও অত্যাধুনিক অস্ত্র প্রয়োজন বলে পশ্চিমা নেতাদের অনুরোধ জানান। এরপরেই ইউক্রেনে ‘প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম’ পাঠানোর বিষয়টি সামনে এল। প্যাট্রিয়ট হবে সবচেয়ে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা যা পশ্চিমারা ইউক্রেনকে দিয়েছে।
হোয়াইট হাউসে ইউক্রেন বিষয়ক এক সময়কার নেতা ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) আলেক্সান্ডার ভিন্ডম্যান বলেছেন, প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম পাওয়া কিয়েভের জন্য খুব, খুব গুরুত্বপূর্ণ।
আলেক্সান্ডার ভিন্ডম্যান আরও বলেন, প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের ফলে ইউক্রেন আরও নানাবিধ চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবে। রাশিয়া যদি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলাও চালায় সে ক্ষেত্রেও মোকাবিলা করা যাবে।
প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম পাঠানোর বিষয়ে পেন্টাগন কিংবা ইউক্রেনের কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়া হয়নি।
এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানান, প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম পাঠানোর আগে ইউক্রেনীয় বাহিনীকে জার্মানিতে প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণে কয়েক মাস সময় লেগে যেতে পারে।
কর্মকর্তাদের মতে, মার্কিন পরিকল্পনা একটি প্যাট্রিয়ট ব্যাটারি পাঠানো হবে। একটি ট্রাক-মাউন্ট করা প্যাট্রিয়ট ব্যাটারিতে আটটি লঞ্চার থাকে, যার প্রতিটি চারটি ক্ষেপণাস্ত্র ধারণ করতে পারে।
একটি পর্যায়ক্রমিক অ্যারে রাডার, একটি কন্ট্রোল স্টেশন, কম্পিউটার এবং জেনারেটর অন্তর্ভুক্ত সমগ্র সিস্টেমটি পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের জন্য সাধারণত প্রায় ৯০ জন সৈন্যের প্রয়োজন হয়। তবে গুলি চালানোর জন্য মাত্র তিনজন সৈন্যের প্রয়োজন।
সূত্র: আলজাজিরা