ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ৭:০৫ পূর্বাহ্ন

ভিয়েতনামে বিনিয়োগ বাড়াচ্ছে এলজি ও স্যামসাং

ভিয়েতনামে আরো শতকোটি ডলার অতিরিক্ত বিনিয়োগ করতে যাচ্ছে এলজি ও স্যামসাং। মঙ্গলবার ভিয়েতনাম সরকারের বরাতে এ তথ্য নিশ্চিত হয়েছে। খবর রয়টার্স।

বৈশ্বিক চাহিদায় শ্লথগতির ফলে ভিয়েতনামে স্মার্টফোন উৎপাদন কমিয়ে নিচ্ছে স্যামসাং। সম্প্রতি এ রকম একাধিক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে নতুন বিনিয়োগপ্রাপ্তির ঘোষণা দিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার তৃতীয় বৃহৎ অর্থনীতিটি।

ভিয়েতনামে একক কোম্পানি হিসেবে শীর্ষ বিনিয়োগকারী কোম্পানি স্যামসাং ইলেকট্রনিকস। ভিয়েতনামের এক সরকারি সূত্র রয়টার্সকে জানায়, স্যামসাং ২ হাজার কোটি ডলার বিনিয়োগ করতে যাচ্ছে। এর আগে বলা হচ্ছিল, দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি ১ হাজার ৮০০ কোটি ডলার বিনিয়োগ করবে।

এ ব্যাপারে স্যামসাংয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তারা মন্তব্যে অপারগতা প্রকাশ করে। বিষয়সংশ্লিষ্ট এক সূত্র মঙ্গলবার জানায়, চলতি বছরের শেষ নাগাদ এ অর্থ বিনিয়োগ করা হবে।

কয়েক বছর ধরেই স্যামসাংয়ের প্রায় অর্ধেক ভিয়েতনামে উৎপাদন হয়। দেশটির মোট রফতানির এক-পঞ্চমাংশের প্রতিনিধিত্ব করে স্যামসাং। ভিয়েতনাম সরকার থেকে বলা হচ্ছে, নুতন বিনিয়োগের ফলে স্যামসাংয়ের গুরুত্বপূর্ণ কারখানাগুলোর উৎপাদন চাঙ্গা হবে। সিউলে গতকাল সফররত ভিয়েতনামের প্রেসিডেন্ট এনগুইয়েন জুয়ান ফুকের সঙ্গে এক বৈঠকে মিলিত হন স্যামসাংয়ের শীর্ষ নির্বাহী হান জং-হি। এ বৈঠক শেষেই ভিয়েতনাম সরকারের কাছ থেকে নতুন ঘোষণা এসেছে।

রোববার তিনদিনের সফরে দক্ষিণ কোরিয়া এসেছেন ভিয়েতনামের প্রেসিডেন্ট। ১১ বছর পর সিউল এলেন কোনো ভিয়েতনামি প্রেসিডেন্ট। চীন ও যুক্তরাষ্ট্রের মতো বৃহৎ বাণিজ্য অংশীদারদের ওপর নির্ভরশীলতা কমানোর প্রয়াস দেখা যাচ্ছে দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনামের পক্ষ থেকে। সোমবার সিউলে ভিয়েতনামের প্রেসিডেন্ট এনগুইয়েন জুয়ান ফুকের সঙ্গে এক বৈঠক শেষে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক-ইয়ুল বলেন, পারস্পরিক সহযোগিতার ভিত্তির ওপর দাঁড়িয়ে ৩০ বছর ধরে কোরিয়া ও ভিয়েতনাম সম্পর্ক জোরদার করে আসছে।

দক্ষিণ কোরিয়ার শীর্ষ কোম্পানির অনুসরণে ভিয়েতনামে বিনিয়োগ বাড়াচ্ছে আরেক কনগ্লোমারেট এলজি। গৃহস্থালি ইলেকট্রনিক পণ্য, ক্যামেরা ও গাড়ির যন্ত্রাংশ উৎপাদনে ভিয়েতনামে এলজি এরই মধ্যে ৫৩০ কোটি ডলার বিনিয়োগ করেছে। নতুন বিনিয়োগের ব্যাপারে মন্তব্যে বিরত থেকেছে তারা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ