২০২৩ সালের জানুয়ারিতেই বাজারে মিক্সড রিয়েলিটি হেডসেট আনতে যাচ্ছে কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। এরই মধ্যে ডিভাইসের সামগ্রিক নকশা প্রণয়নের কাজ সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটি। খবর টেকওয়ার্ম।
সম্প্রতি ব্লুমবার্গ প্রকাশিত একটি প্রতিবেদন সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গিয়েছে। পাওয়ার অন নিউজলেটারে সর্বশেষ প্রকাশিত প্রতিবেদনে মার্ক গুরম্যান জানান, আধুনিক চিপ, ডিসপ্লে, সেন্সর ও অ্যাভাটারভিত্তিক ফিচার নিয়ে আগামী বছরের শুরুতে নিজেদের প্রথম ফ্ল্যাগশিপ হেডসেট ডিভাইস আনতে যাচ্ছে অ্যাপল।
অ্যাপল একটি এআর/ভিআর হেডসেট বা মিক্সড রিয়েলিটি হেডসেট নিয়ে কাজ করছে প্রযুক্তি বাজারে, এমন গুঞ্জন চলছে বেশ কিছুদিন ধরেই। সর্বশেষ তথ্যানুযায়ী, টিম কুকের দল ডিভাইসের নকশার কাজ গুছিয়ে এনেছে এবং ডিভাইসটি উন্মোচন করতে খুব বেশি সময় নেবে না বলে জানা গিয়েছে।
আর্স টেকনিকা প্রকাশিত আরেকটি প্রতিবেদনে বলা হয়, অ্যাপল সম্প্রতি যে কর্মী নিয়োগের বিজ্ঞাপন দিয়েছে, তা বিশ্লেষণ করলে মনে হতে পারে যে নতুন ডিভাইসের জন্য কনটেন্ট নির্মাতাদের খোঁজা হচ্ছে। চাকরির বিজ্ঞাপনগুলোর বিবরণ বলছে, ত্রিমাত্রিক মিক্সড-রিয়েলিটি দুনিয়া নির্মাণে অংশ নিতে হবে আগ্রহীকে।
চাকরির বিজ্ঞাপন বিশ্লেষণ করে মার্ক গুরম্যান জানান, সম্ভবত নতুন হেডসেটের জন্য আলাদা ভিডিও সেবা দাঁড় করাতে চায় অ্যাপল। অন্যদিকে স্বচালিত গাড়ি প্রকল্পের জ্যেষ্ঠ প্রকৌশলীদের কয়েকজনকে মিক্স রিয়েলিটি পণ্য নির্মাতা দলে পাঠিয়েছে কোম্পানিটি।