যৌথ প্রযোজনার নতুন নীতিমালার কারণে কয়েকবছর ধরে তৈরি হচ্ছে না ঢালিউড-টলিউডের সমন্বিত সিনেমা। এই নীতিমালায় জটিলতা থাকায় কোনো প্রযোজক-পরিচালক আর যৌথ প্রযোজনার চলচ্চিত্র নির্মাণে উদ্যোগী হননি।
তবে এবার নতুন প্রবর্তিত নীতিমালায় যৌথ প্রযোজনার ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন অনন্য মামুন। কলকাতা থেকে এটি পরিচালনা করভেন অভিনন্দন দত্ত। যৌথভাবে প্রযোজনা করবে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও রোল ক্যামেরা অ্যাকশন।
ছবির নাম—স্পর্শ। এতে নায়ক হিসেবে থাকবেন ঢালিউডের নিরব। তার বিপরীতে থাকবেন দুই বাংলার দুজন নায়িকা। যা দ্রুতই জানানো হবে গণমাধ্যমে।
ছবি প্রসঙ্গে নিরব বলেন, ‘বহুবছর পর জয়েন ভেঞ্চারের ছবি হচ্ছে। এটা প্রথম ভালোলাগার বিষয়। আমারও এটা প্রথম ছবি যৌথ প্রযোজনায়। আমরা সকল নীতিমালা মেনটেইন করে ছবিটি করছি। দুই বাংলাতেই শুটিং হবে। আশা করছি স্মার্ট কিছু হবে।’
অনন্য মামুন বলেন, ‘আমি যৌথ প্রযোজনার কাজ আগেও করেছি কয়েকটি। তবে এবারের নীতিমালা ও নির্মাণ প্রক্রিয়া বেশ টেকসই। ফলে কাজটিও মজবুত হবে বলে আমাদের বিশ্বাস। আমার ধারণা, এই ছবিটি দিয়ে আবারও দুই বাংলাকে একসুতোয় গাঁথতে পারব।’
চলতি সপ্তাহে শুরু হবে শুটিং। ভারতে হবে প্রথম লটের কাজ। ছবিটি নির্মাণের ক্ষেত্রে যৌথ প্রযোজনার নীতিমালা মানা হবে জানিয়েছেন পরিচালক।