পরীক্ষার প্রশ্নপত্রে সাম্প্রদায়িক উসকানি থাকা খুবই দুঃখজনক মন্তব্য করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যারা প্রশ্নপত্রে সাম্প্রদায়িক উসকানি দিয়েছে, তাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (৭ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসির বাংলা প্রথমপত্রের প্রশ্নপত্রে সাম্প্রদায়িকতার উসকানি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
ডা. দীপু মনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী বাংলাদেশ। এ দেশে কোনো সাম্প্রদায়িক উসকানি সহ্য করা হবে না। বিশেষ করে পরীক্ষার প্রশ্নপত্রে তো মোটেই না।
তিনি বলেন, শিক্ষার্থীদের মনে যারা সাম্প্রদায়িক উসকানির বীজ বপন করতে চায়, তাদের ভবিষ্যতে প্রশ্নপত্র প্রণয়নের সঙ্গে সম্পৃক্ত করা হবে না। প্রশ্নপত্রে সাম্প্রদায়িক উসকানি খুবই দুঃখজনক। এটি একেবারেই গ্রহণযোগ্য নয়।
শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নপত্র সেটিং বা মডারেটিং এমনভাবে হয় যে, যিনি প্রশ্নের সেট করেন তিনি আর সেটি দেখতে পারেন না। আবার যিনি মডারেট করেন তিনিও আর তা দেখতে পারেন না। কোন কোন বিষয় মাথায় রেখে প্রশ্নগুলো তারা করবেন, এ বিষয়ে আমাদের সুস্পষ্ট নির্দেশিকা দেওয়া থাকে।

প্রসঙ্গত, গতকাল রোববার অনুষ্ঠিত ঢাকা বোর্ডের এইচএসসির বাংলা প্রথমপত্রের পরীক্ষার প্রশ্নপত্রে একটি প্রশ্নে সাম্প্রদায়িক উসকানি দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। এ নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক অসন্তোষের সৃষ্টি হয়।
এ বিষয়ে আমাদের একদম সুস্পষ্ট নির্দেশিকা দেওয়া থাকে- কী কী বিষয় মাথায় রেখে এ প্রশ্নগুলো তারা করবেন। সেক্ষেত্রে প্রশ্নে কোনো ধরনের সাম্প্রদায়িকতা যেন না থাকে, সেটিও নির্দেশনায় আছে। খুবই দুঃখজনক কোনো একজন প্রশ্নকর্তা হয়তো প্রশ্নটি করেছেন। যিনি মডারেট করেছেন তার দৃষ্টিও হয়তো কোনোভাবে বিষয়টি এড়িয়ে গেছে অথবা তিনি স্বাভাবিকভাবেই নিয়েছেন। আমরা চিহ্নিত করছি এ প্রশ্ন কোন মডারেটর করেছেন। সে অনুযায়ী তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


















