দক্ষিণ ইউক্রেনের দোনেৎস্কে রুশ সেনাদের হামলায় ১২০ ইউক্রেন সেনা নিহত হয়েছে বলে জানা গেছে। এই অঞ্চল দখলে ইউক্রেনের সেনাদের পরাস্ত করেছে রুশ সেনারা। দুই দেশের সেনাদের লড়াইয়েই উল্লেখিত ইউক্রেনীয় সেনারা প্রাণ হারান।
গত শনিবার (৫ নভেম্বর) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগর কোনাশেনকভ এ তথ্য জানিয়েছে।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস এক প্রতিবেদনে এসব কথা জানায়।
প্রতিবেদনে বলা হয়, রুশ লেফটেন্যান্ট জেনারেল ইগর কোনাশেনকভ জানিয়েছেন, আর্টিলারি ইউনিট এবং আক্রমণকারী দলগুলো দোনেৎস্কের দক্ষিণে নভোমিখাইলোভকা, পাভলোভকা এবং ভ্রমেভকা বসতিগুলোর কাছে ইউক্রেনীয় বাহিনীকে পরাজিত করেছে। সেখানে ১২০ জনেরও বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। এছাড়া দুটি সাঁজোয়া কর্মী বহন করা গাড়ি, দুটি সাঁজোয়া যান, একটি পিকআপ এবং দুটি মোটরসাইকেল ধ্বংস করা হয়েছে।
কোনাশেনকভ আরো বলেন, রুশ বাহিনী ক্রাসনি লিমানের দিকে ইউক্রেনের হামলা ব্যর্থ করেছে। এতে ৬০ জনেরও বেশি সেনা নিহত হয়েছে। ‘ক্র্যাসনি লিমনের দিক থেকে, লুহানস্ক পিপলস রিপাবলিকের স্টেলমাখোভকা, প্লোশচাঙ্কা এবং ক্রেমেনায়ার দিকে তিনটি ইউক্রেনীয় কোম্পানির কৌশলগত দলের আক্রমণ ব্যর্থ হয়েছিল।
তিনি বলেন, সেখানে ৬০ জনেরও বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছিল, একটি ট্যাংক, দুটি যুদ্ধের সাঁজোয়া যান, তিনটি পিকআপ ট্রাক এবং একটি মোটরসাইকেল ধ্বংস করা হয়েছে।