গ্রামীণফোনের নতুন-পুরনো সব ধরনের সিম বিক্রির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)। রবিবার বিটিআরসি কার্যালয়ে এক অনুষ্ঠানে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার।
জানা যায় কল ড্রপ এবং নিম্নমানের সেবার কারণে জন্য গত ৩০ জুন থেকে গ্রামীণফোনকে নতুন সিম বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছিল বিটিআরসি। পরে গত সেপ্টেম্বরে অব্যবহৃত পুরোনো সিম বিক্রির অনুমতি দেওয়া হয়।
তবে এবার পুরোনো সিমের (৪৫০ দিনের বেশি সময় ধরে অব্যবহৃত) বিক্রিও বন্ধের নির্দেশ দিয়েছে বিটিআরসি। এর আগে, সম্প্রতি গ্রামীণফোন সিম বিক্রি করতে বিটিআরসির কাছে আবেদন করলে তা প্রত্যাখান করা হয়।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার জানান, সেবার মান নিশ্চিত না করা পর্যন্ত গ্রামীণফোন নতুন কোনো গ্রাহক তৈরি করতে পারবে না। তিনি বলেন, পুরাতন সিম বিক্রি হলেও তাদের নতুন গ্রাহক তৈরি হচ্ছে। তাই সেবার মান উন্নত না করতে পারলে পুরনো সিমও বিক্রি করতে পারবে না।