সংগীততারকা ইমরান মাহমুদুল ও পড়শী জুটি যেন শ্রোতাদর্শকদের কাছে অন্যরকম ভালো লাগার। এই জুটির প্রত্যেকটি গানই পেয়েছে শ্রোতাপ্রিয়তা। গেল বছরে তাদের ‘এক দেখায়’ গান ভিডিওটি দারুণ জনপ্রিয়তা পায়। ইউটিউবে গানটির ভিউ প্রায় দুই কোটির ঘরে।
সেই ধারাবাহিকতায় আবারও একসঙ্গে হাজির হচ্ছেন তারা। এবারের গানের শিরোনাম ‘দ্বিতীয় জীবন’। কবির বকুলের কথায় গানটির সুর ও সংগীত করেছেন ইমরান নিজেই। ভিডিওটি পরিচালনা করেছেন সৈকত রেজা।
ইমরান মাহমুদুল বলেন, ‘এটি গল্পভিত্তিক রোমান্টিক গান। গানের মধ্যে আমাদের অভিনয়ও করতে হয়েছে। মিউজিক ভিডিও হলেও গানটি দেখতে বসে একটি ছেলে ও মেয়ের ভালোবাসার গল্প পাবেন দর্শকেরা। গানে একটা নতুন চমক পাবেন তারা।’
পড়শী বলেন, ‘প্রায় এক যুগের পরিচয় আমাদের। বয়সে ইমরানের ছোট আমি। কিন্তু সম্পর্কটা বন্ধুর মতো। শুধু আমাদের নয়, দুজনের পরিবারের মধ্যেও ভালো সম্পর্ক। তাই একসঙ্গে দুজনের কাজটা সহজ হয়, মনের মতো করে করা যায়। এটি তেমনই হয়েছে।’
শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে পড়শী বলেন, ‘বান্দরবানে পাহাড়ের নিচে বালু, বালুর ওপর শুটিং। নিচে প্রচণ্ড গরম, মাথার ওপর গনগনে সূর্য। বালুর মধ্যে দাঁড়িয়ে রোমান্টিকতা কি আসে? সেই পরিস্থিতিতে রোমান্টিক দৃশ্য করা সহজ ছিল না।’
সিএমভির ব্যানারে এই বিশেষ গানচিত্রটি প্রকাশ হচ্ছে ৭ নভেম্বর। এমনটাই জানান প্রযোজক এসকে সাহেদ আলী।