প্রতিযোগিতায় টিকে থাকতে প্রযুক্তিবাজারে সাশ্রয়ী মূল্যের ফ্লিপ স্মার্টফোন উন্মোচন করেছে হুয়াওয়ে। গত বছর পি৫০ পকেট সংস্করণ বাজারজাত করেছিল চীনের প্রতিষ্ঠানটি। এবার তার চেয়েও ছোট পকেট এস ফ্লিপ নিয়ে এসেছে প্রযুক্তি জায়ান্টটি। খবর সিনেট।
চীনের ইউয়ান থেকে ডলারে রূপান্তর করলে পকেট এসের বাজারমূল্য কম-বেশি ৮০০ ডলারের কাছাকাছি থাকবে। স্মার্টফোনটি ভাঁজ করার পর চতুষ্কোণ আকার নেয়। দেখতে অনেকটা গ্যালাক্সি জেড ফ্লিপ ৪-এর মতো হলেও বাইরের দিকে দুটি গোলাকার অংশ আছে পকেট এসের। এর একটি ফোনের ক্যামেরা ইউনিট এবং দ্বিতীয়টি সময় ও নোটিফিকেশন দেখার জন্য এক্সটার্নাল ডিসপ্লে।
সেলফি তোলার সময়ে ভিউ ফাইন্ডার হিসেবে ব্যবহার করা যাবে এক্সটার্নাল ডিসপ্লে। ডিভাইসের উল্লেখযোগ্য হার্ডওয়্যার ফিচারের মধ্যে আছে ৬ দশমিক ৯ ইঞ্চির ফোল্ডেবল ওএলইডি ডিসপ্লে। এছাড়া ব্যাক প্যানেলে ১ দশমিক ৪ ইঞ্চির দ্বিতীয় ডিসপ্লে দেয়া হয়েছে। ৪০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা সেন্সরের পাশাপাশি ডিভাইসে ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স রয়েছে। ফোনের সম্মুখে ১০ দশমিক ৭ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।
এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭৭৮জি চিপসেট ব্যবহার করা হয়েছে। ১০ নভেম্বর ডিভাইসটি চীনের বাজারে আনা হবে। এর ১২৮ গিগাবাইট সংস্করণের দাম শুরু হবে ৮২০ ডলার থেকে। আর ২৫৬ গিগাবাইট সংস্করণের দাম হবে ১ হাজার ২৮ ডলার।



















