বকেয়া বেতন না দিয়ে কারখানা স্থানান্তরের প্রতিবাদে রাজধানীর মতিঝিলের আরামবাগ এলাকার একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। শ্রমিকদের বিক্ষোভ ও রাস্তা অবরোধ কর্মসূচির কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার সকাল ৮টার পর থেকে নটরডেম কলেজের সামনের রাস্তা অবরোধ করে শ্রমিকরা এ কর্মসূচি পালন করছেন।
মতিঝিল থানার অফিসার ইনচার্জ ইয়াসির আরাফাত বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা শ্রমিকদের রাস্তা অবরোধের কথা শুনে ঘটনাস্থলে এসেছি। ঘটনাস্থলে এসে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, আরামবাগ এলাকার একটি গার্মেন্টসকে রাজধানীর দক্ষিণখান এলাকায় স্থানান্তর করা হয়েছে। কোনো কিছু না জানিয়ে হঠাৎ করে মালিকপক্ষ কারখানা স্থানান্তর করায় বিক্ষোভ করছেন শ্রমিকরা।