দুর্বল চাহিদার কারণে আইফোন ১৪ প্লাসের উৎপাদন কমাচ্ছে অ্যাপল ইনকরপোরেশন। এটির উৎপাদন কমালেও অধিক ব্যয়বহুল আইফোন ১৪ প্রোর উৎপাদন আবারো বাড়াচ্ছে প্রতিষ্ঠানটি। চাহিদা বাড়ায় এটির উৎপাদন বাড়াচ্ছে অ্যাপল। বাজার গবেষণাপ্রতিষ্ঠান ট্রেন্ডফোর্স প্রতাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, আইফোন ১৪ প্রোর উৎপাদন বাড়িয়ে ৬০ শতাংশ করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী শুরুতে এটি ৫০ শতাংশ উৎপাদনের লক্ষ্য ছিল। সে হিসেবে উৎপাদন ১০ শতাংশ বাড়ানো হয়েছে। ভবিষ্যতে আইফোন ১৪ প্রোর উৎপাদন বেড়ে ৬৫ শতাংশ পর্যন্ত হতে পারে বলেও জানায় ট্রেন্ডফোর্স।
অবশ্য এ বিষয়ে রয়টার্সের অনুরোধ সত্ত্বেও তাত্ক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি অ্যাপল। যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান সুদহার ২০২৩ সালের প্রথম প্রান্তিকে আইফোনের চাহিদা কমিয়ে দিতে পারে। এ কারণে ভোক্তাদের ব্যয় সংকুচিত হওয়ার আশঙ্কাও রয়েছে। ফলে আইফোন উৎপাদন বছরওয়ারি ১৪ শতাংশ কমে ৫ কোটি ২০ লাখ ইউনিটে নেমে আসতে পারে।