বিভিন্ন আপডেটের মাধ্যমে গুগল প্রতিনিয়ত তাদের স্টক অ্যাপে আপডেট আনে। তবে এখন পর্যন্ত প্রযুক্তি জায়ান্টটি তাদের অ্যাপ আইকনে কোনো পরিবর্তন আনেনি। কয়েক মাস আগে প্লে স্টোর অ্যাপের আইকনে বেশকিছু পরিবর্তন এনেছে গুগল। এবার মেসেজ, ফোন ও কনটাক্ট অ্যাপের ডিজাইনে কিছু পরিবর্তন আনতে কাজ করছে অ্যালফাবেট মালিকানাধীন প্রতিষ্ঠানটি। খবর গিজচায়না।
কনটাক্টের আগের ভার্সনে যেখানে হালকা ছায়া ও নীল ব্যাকগ্রাউন্ড ছিল নতুন ভার্সনে সেটিকে আরো সাধারণ ও আধুনিক ডিজাইন দেয়া হচ্ছে। সেই সঙ্গে নতুন ডিজাইনের অ্যাপে কোনো শ্যাডো বা ছায়া থাকবে না। অন্যদিকে গুগলের ফোন অ্যাপ সম্প্রতি বেটা স্টেজে প্রবেশ করেছে। এ কারণে নতুন ভার্সনটি কেমন হবে সে সম্পর্কে এখনই কোনো তথ্য পাওয়া যায়নি।
মেসেজ অ্যাপের নতুন ভার্সনটিও চালু করা হচ্ছে। কন্টাক্ট আইকনের মতো এতে আরো উন্নত ডিজাইন দেয়া হয়েছে। আগের ভার্সনটির তুলনায় এটি দেখতে আরো পরিষ্কার এবং এতে গুগল একাধিক নতুন ফিচারও যুক্ত করেছে। নতুন আইকন ডিজাইন আনলেও অ্যান্ড্রয়েড থিমের আইকনগুলো আরো আকর্ষণীয়। এগুলো আরো রঙিন এবং সহজে খুঁজে পাওয়া সম্ভব। আইকনগুলোর চেহারায় পরিবর্তন আনা হলেও পরিচিতির উদ্দেশ্যে গুগল মূল নীল আইকন রাখার চেষ্টা করেছে।