২৫ অক্টোবর থেকে আরো বেশি বিজ্ঞাপন প্রদর্শন করবে অ্যাপলের অ্যাপ স্টোর। ওইদিন থেকে অ্যাপ স্টোরে অতিরিক্ত দুই ক্যাটাগরির বিজ্ঞাপন চালু করা হবে। এরপর আইফোন ব্যবহারকারীরা অ্যাপ ডাউনলোড করলে বিজ্ঞাপনগুলো দেখতে পাবেন। খবর এনগ্যাজেট।
প্রতিবেদনে বলা হয়, অ্যাপলের পরিকল্পনা অনুযায়ী চীন ব্যতীত অন্য সব দেশে টুডে ট্যাবের মাধ্যমে বিজ্ঞাপনের জায়গা বিক্রি করা হবে এবং পৃথক অ্যাপ তালিকার নিচেও বিজ্ঞাপনের জায়গা বিক্রি হবে। এতে বিজ্ঞাপনগুলোকে অন্য সবকিছু থেকে আলাদা করতে নীল ব্যাকগ্রাউন্ডের একটি আইকন দেখা যাবে।
গত জুলাইয়ে টুডে ট্যাবে বিজ্ঞাপন আনার ঘোষণা দিয়েছিল অ্যাপল। এর আগে ২০১৬ সালে অ্যাপ স্টোরের মাধ্যমে সার্চ বিজ্ঞাপনটি বিক্রি করেছিল অ্যাপল। এদিকে টুডে ট্যাবটি আগে অ্যাপলের সম্পাদকীয় দলের সুপারিশের জন্য সংরক্ষিত ছিল।


















