চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ভারতের বাজারে স্মার্টফোন বিক্রি হয়েছে ৪ কোটি ৪৬ লাখ ইউনিট, গত বছরের একই প্রান্তিকের তুলনায় যা ৬ শতাংশ কমেছে। ৯২ লাখ স্মার্টফোন বিক্রির মাধ্যমে ভারতের বাজারে শীর্ষস্থান শাওমির। দ্বিতীয় স্থানে থাকা স্যামসাংয়ের বিক্রি হয়েছে ৮১ লাখ ইউনিট স্মার্টফোন। তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা ভিভো ও অপোর বিক্রি হয়েছে যথাক্রমে ৭৩ লাখ ৭১ লাখ ইউনিট স্মার্টফোন। ৬২ লাখ ইউনিট স্মার্টফোন বিক্রির মাধ্যমে পঞ্চম স্থান আরেক চীনা ব্র্যান্ড রিয়েলমির। ক্যানালিসের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ক্যানালিসের বিশ্লেষক সানিয়াম চৌরাসিয়া বলেন, সুখবর হচ্ছে উৎসব মৌসুম শুরু হওয়ায় গত প্রান্তিকের কয়েক সপ্তাহে চাহিদা চাঙ্গা হয়েছে। মূল্যস্ফীতির ধাক্কায় এন্ট্রি-লেভেলের ডিভাইসের বাজার সংকুচিত হয়েছে। তবে মাঝারি থেকে উচ্চমূল্যের সেগমেন্টে বিক্রি বেশ চাঙ্গা ছিল। এতে অপোর ওয়ানপ্লাস ও ভিভোর আইকিউওওর মতো ব্র্যান্ড ভূমিকা রেখেছে।
ফাইভজি হ্যান্ডসেটও ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে বলে জানান চৌরাসিয়া। তিনি বলেন, এন্ট্রি-লেভেলের ব্র্যান্ডগুলোও ফাইভজি সুযোগ কাজে লাগানোর চেষ্টা করছে। প্রধান ব্র্যান্ডগুলোর সঙ্গে টেক্কা দিতে সবচেয়ে সাশ্রয়ী ফাইভজি স্মার্টফোন আনতে কাজ করছে গুগল ও জিও।
ভারত, চীনসহ প্রধান বাজারগুলোয় জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে স্মার্টফোন বিক্রি কমেছে। ক্যানালিসের বিশ্লেষক সানিয়াম চৌরাসিয়া বলেন, চলতি বছরের চতুর্থ প্রান্তিক ও ২০২৩ সালের প্রথমার্ধে স্মার্টফোন বাজার চাঙ্গা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। বিভিন্ন ডিসকাউন্ট ও বান্ডেল প্রমোশনের আশায় হয়তো অনেক গ্রাহকই নতুন স্মার্টফোন ক্রয় পেছাচ্ছে। গত বছরের এ উৎসব মৌসুমে যে রকম স্মার্টফোন বিক্রি হয়েছিল এবার তেমনটা দেখা যাচ্ছে না।



















