ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ৬:৫৮ অপরাহ্ন

অর্থনৈতিক উদ্বেগের মধ্যেও তথ্যপ্রযুক্তি খাতে ব্যয় বাড়বে

মূল্যস্ফীতি, ডলারের দামের উত্থান-পতন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন কারণে বৈশ্বিক অর্থনীতি এখন অনেকটাই উদ্বেগজনক অবস্থায় রয়েছে। তবে এর মধ্যেও তথ্যপ্রযুক্তি খাতে ব্যয় বাড়বে। সম্প্রতি প্রযুক্তিগত গবেষণা ও পরামর্শ প্রতিষ্ঠান গার্টনারের এক পূর্বাভাস সূত্রে এ তথ্য জানা গিয়েছে। খবর টেকরাডার।

২০২৩ সাল নাগাদ এ খাতে ব্যয় ৪ দশমিক ৬ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে। ২০২২ সালের ব্যয়ের তুলনায় ৫ দশমিক ১ শতাংশ বেশি। বিশ্বজুড়ে অর্থনীতিবিদরা যখন মন্দার পূর্বাভাস দিচ্ছেন তখন গবেষণা প্রতিষ্ঠানটির আশা ডিজিটাল ব্যবসার পরিধি বাড়ানোর বিভিন্ন উদ্যোগ নিয়ে এন্টারপ্রাইজগুলো এগিয়ে যাবে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) অর্থনীতিবিদরা বৈশ্বিক অর্থনীতি নিয়ে অনিশ্চিত ভবিষ্যদ্বাণী দিয়েছেন। যেখানে আন্তর্জাতিক পর্যায়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি ২০২১ সালের ৬ দশমিক ১ শতাংশ থেকে চলতি বছর ৩ দশমিক ২ শতাংশে নেমে এসেছে এবং ২০২৩ সালে ২ দশমিক ৯ শতাংশে নেমে আসবে। গার্টনার সতর্ক করে দিয়ে বলে, প্রত্যেক খাতেই যে সমান প্রবৃদ্ধি হবে তা নয়। তথ্যপ্রযুক্তি খাতে ব্যয়ের অংশ হিসেবে ডিভাইসের পেছনে বিনিয়োগ সবচেয়ে নেতিবাচক প্রভাব বিস্তার করবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ