চলতি বছরের শুরুতে অ্যান্ড্রয়েড১২এল চালু করে সার্চ জায়ান্ট গুগল, যেখানে ট্যাবলেট ও ফোল্ডেবল গ্যাজেটে উন্নত ইন্টারফেসের পাশাপাশি মাল্টিটাস্কিং প্রযুক্তি জুড়ে দেয়া হয়। মে মাসে গুগল আইও ডেভেলপার কনফারেন্সে সংস্থাটির পক্ষ থেকে ট্যাবলেটে ২০টিরও বেশি অ্যাপ ফাইন টিউন করার প্রতিশ্রুতি দেয়া হয়। গুগল ক্রোমকে ট্যাবলেটবান্ধব করার মাধ্যমে প্রতিষ্ঠানটি এর প্রতিশ্রুতি পূরণ করতে শুরু করেছে। খবর টেকক্রাঞ্চ।
স্মার্টফোনের জন্য অ্যান্ড্রয়েড ভার্সন আনলেও ট্যাবলেট বা অন্য বড় ডিভাইস নিয়ে সেভাবে কাজ করেনি সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে প্রযুক্তিবিদরা গুগলের সমালোচনা করে আসছিলেন। তাই ফোল্ডেবল ফোনের জন্য অ্যান্ড্রয়েড সাপোর্ট নিয়ে কাজ করার পাশাপাশি সম্প্রতি প্রতিষ্ঠানটি বড় আকৃতির ডিভাইসের জন্য অ্যান্ড্রয়েড১২এল উন্মোচন করে তারা।
ফোল্ডেবল ও ক্রোম অপারেটিং সিস্টেমের ডিভাইসের জন্য উন্নত ইউজার ইন্টারফেস নিয়ে অ্যান্ড্রয়েড১২এল উন্মোচনের পর গুগল জানায়, ৬০০এসপির বড় আকৃতির ডিভাইসে সহজে ও আরামদায়কভাবে ব্যবহারের জন্য অ্যান্ড্রয়েড ভার্সনের ইউআইতে পরিবর্তন আনা হয়েছে।
গুগল অ্যান্ড্রয়েড ট্যাবলেটের জন্য ক্রোমে একটি আপডেট রোল আউট করেছে, যা নতুন বৈশিষ্ট্যগুলো প্রবর্তন করে, যেমন উন্নত ট্যাব নেভিগেশনের জন্য সাইড-বাই-সাইড ভিউ এবং ক্রম থেকে তথ্য টেনে আনার ক্ষমতা। সাইড-বাই-সাইড ভিউ ব্যবহারকারীদের অ্যাড্রেস বারজুড়ে সোয়াইপ করে ট্যাবের মধ্যে নেভিগেট করতে সাহায্য করবে। অর্থাৎ কেউ যখন স্প্লিট-স্ক্রিনের মতো সেটিংসে ট্যাবের নামগুলো পড়তে পারবেন না তখন এটি সহায়ক হবে। আর ড্র্যাগ-অ্যান্ড-ড্রপ কার্যকারিতা ব্যবহারকারীদের ক্রোম থেকে জিমেইলের মতো অ্যাপগুলোতে লিঙ্ক, ছবি ও টেক্স নিয়ে কাজ করতে সুবিধা জোগাবে।