আমেরিকান প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফট তাদের বিভিন্ন বিভাগ থেকে হাজার খানেক কর্মীকে চাকরিচ্যুত করেছে। এর মধ্যে মাইক্রোসফটের গেমিং কনসোল এক্সবক্স থেকে শুরু করে সরকারি বিভিন্ন সংস্থার সঙ্গে প্রযুক্তি নিয়ে কাজ করে এমন বিভাগও রয়েছে। খবর বিজনেস ইনসাইডার।
চাকরিচ্যুত কর্মীদের মধ্যে একজন বিজনেস ইনসাইডারকে জানান, চলতি সপ্তাহে মাইক্রোসফটের এ সিদ্ধান্ত ন্যূনতম এক হাজার কর্মীর ওপর প্রভাব ফেলেছে।
ক্ষতিগ্রস্ত কর্মচারীদের মতে, মাইক্রোসফট বিভিন্ন বিভাগজুড়ে কর্মীদের ছাঁটাই করেছে। ছাঁটাই হয়েছেন এমন কর্মীদের ঘনিষ্ঠজন থেকে শুরু করে প্রতিষ্ঠানটির কাছের লোকদের সঙ্গে কথোপকথনের পাশাপাশি ব্লাইন্ড ও টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টগুলো ইঙ্গিত দেয় যে ছাঁটাইয়ের প্রভাব পড়েছে সব বিভাগে, যার মধ্যে এক্সবক্স কনসোল গেমিং বিভাগ থেকে শুরু করে মাইক্রোসফটের কৌশলগত লক্ষ্য ও প্রযুক্তি সংস্থা রয়েছে, যারা পরবর্তী প্রজন্মের প্রযুক্তি সমাধানগুলোতে গুরুত্ব দেয়।
দীর্ঘকাল ধরে মাইক্রোসফটের চিফ টেকনোলজি অফিসের একজন অভিজ্ঞ পণ্য ব্যবস্থাপক হিসেবে কাজ করছিলেন কেসি লেমসন। সম্প্রতি এক টুইট বার্তায় তিনি তিনদিন আগে তার চাকরি হারানোর কথা জানান।
গত জুলাইয়ে মাইক্রোসফটের একজন মুখপাত্র বলেছিলেন, তারা তাদের মোট ১ লাখ ৮০ হাজার কর্মীর মধ্য থেকে ১ শতাংশকে ছাঁটাইয়ের পরিকল্পনা করছে। তাছাড়া মন্দার ঝুঁকির মধ্যে তাদের নতুন নিয়োগ প্রক্রিয়াও খানিকটা ধীরগতির হবে। তবে এটি নিশ্চিত নয় যে মাইক্রোসফটের চলমান ছাঁটাই আগের উল্লিখিত বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট কিনা। তবে ছাঁটাইকৃত একজন কর্মী ইনসাইডারকে জানিয়েছে, মাত্র এক মাস আগে তাকে নিয়োগ দেয়া হয়েছিল।



















