ফুটবল জগতে সুপারস্টার, সাতবারের ব্যালন ডি’অর জয়ী, বিশ্বের সেরা খেলোয়াড় খ্যাত লিওনেল মেসি। কারও কাছে জাদুকর, কারও কাছে তিনি শিল্পী। মাঠে ও মাঠের বাইরে নম্র, ভদ্র ও বিনয়ী মানুষ হিসেবেই তাকে সবাই জানে। অথচ ফুটবল পায়ে প্রতিপক্ষের রক্ষণকে ক্ষতবিক্ষত করেন তিনি।
খেলার মাঝে বাজে পরিস্থিতিতেও নিজেকে শান্ত রাখার চেষ্টা চালিয়ে যান তিনি। এমনকি প্রতিপক্ষের খেলোয়াড় ট্যাকল করে ফেলে দিলেও পিএসজি এই তারকার মুখে হাসি লেগে থাকতে দেখা যায় সবসময়। কিন্তু এমন একজন বিনয়ী খেলোয়াড়ের অন্য একরূপ প্রকাশ করলেন সাবেক রিয়াল মাদ্রিদ গোলরক্ষক জর্জি দুদেক।
সম্প্রতি ইতালিয়ান আউটলেট ইল পোস্টিসিপোর বরাত দিয়ে এমন তথ্য প্রকাশ করেছে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা।
নিজের আত্মজীবনীতে তিনি মেসির সেই রূপের কথাই প্রকাশ করেছেন। আর বলেছেন মেসি একজন উস্কানিদাতা। শুধু কি মেসি? কথা বলেছেন সাবেক বার্সা বস পেপ গার্দিওলা ও সাবেক রিয়াল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়েও।
২০০৫ সালে ইংলিশ ক্লাব লিভারপুলকে চ্যাম্পিয়নস লিগ জেতানো এ গোলরক্ষক নিজের আত্মজীবনীতে বলেন, দেখতে শান্ত মনে হলেও মেসির পেটে পেটে নাকি থাকে শয়তানি!
বিখ্যাত ‘দ্য মিরাকল অব ইস্তাম্বুল’ ফাইনালে এসি মিলানকে স্তব্ধ করে দেয়া ম্যাচের নেপথ্যের কারিগর ছিলেন জর্জি দুদেক। ইউরোপ চ্যাম্পিয়ন হওয়ার পর পোলিশ তারকা ২০০৭ সালে পাড়ি জমান স্পেনে। বার্নাব্যুর দলটির হয়ে খেলেছেন চারটি মৌসুম। কিন্তু কিংবদন্তী ইকার ক্যাসিয়াসের কারণে প্রথম একাদশে খুব একটা জায়গা পেতেন না তিনি। চার মৌসুমে সব মিলিয়ে খেলেছেন মাত্র ১২ ম্যাচ। লস ব্ল্যাংকোসদের হয়ে এল ক্লাসিকো দেখার অভিজ্ঞতা ভালোই আছে তার। সেখানেই শান্তশিষ্ট স্বভাবের মেসির অন্য রূপের কথা বলেন তিনি।