গেল মে মাসে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয় নাটক ‘নতুন করে শুরু’। মাত্র চার মাসেই নাটকটি কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে, সেইসাথে পেয়েছে দর্শকপ্রিয়তা। মাসরিকুল আলমের গল্পে নাটকটি পরিচালনা করেছেন এস আর মজুমদার। নাটকটি প্রযোজনা করেছে অভিনেতা জিয়াউল ফারুকের প্রযোজনা প্রতিষ্ঠান ড্রিমবক্স প্রোডাকশন হাউজ।
জীবনবোধের গল্পে নির্মিত এই নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন তারকা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ। নাটকটি প্রচারের পর থেকেই দর্শকমহলে প্রশংসায় ভাসছে। সেই ধারাবাহিকতায় সম্প্রতি কোটির মাইলফলক স্পর্শ করে। এমন অর্জনে নাটকটির পুরো টিম বেশ উচ্ছ্বসিত। এ উপলক্ষ্যে গতকাল সন্ধ্যায় রাজধানীর উত্তরায় একটি শুটিং সেটে কেক কেটে এমন সাফল্যকে উদযাপন করেন পুরো টিম।
জিয়াউল ফারুক অপূর্ব জানান, এর কৃতিত্ব পুরো টিমের এবং দর্শকদের। প্রেম ভালোবাসা কিংবা কমেডি নাটকের বাইরেও যে দর্শক কাজ দেখেন, ‘নতুন করে শুরু’ কাজটি তারই একটি উদাহরণ। ভালো গল্পে কাজ হলে সেগুলো দর্শক পছন্দ করবেই। ভালো গল্পের দর্শক সবসময়ই ছিল।
নির্মাতা এস আর মজুমদার বলেন, দর্শকরা কাজটিকে এত ভালোবাসা দিয়েছেন, পছন্দ করেছেন; এটাই আমাদের স্বার্থকতা। আমি সবসময় বিশ্বাস করি, ভালো গল্পের কাজ হলে দর্শক পছন্দ করবেই। এই কাজটি কিন্তু জীবনবোধের গল্প নিয়ে। রোমান্টিক কিংবা রম-কম না, তারপরও কাজটি দর্শক দেখেছেন। এতেই বোঝা যায় ভালো গল্পের দর্শক আছে।
নির্মাতা জানান, দর্শকরা যখন কোন কাজ পছন্দ করেন তখন একটা দায়বদ্ধতার জায়গা তৈরি হয়। আশা করবো সামনে আরও ভালো ভালো গল্পের কাজ তাদেরকে উপহার দিতে।
ড্রিমবক্স প্রোডাকশন হাউজ প্রযোজিত এই নাটকে অপূর্ব-ফারিণ ছাড়া আরও অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, আশরাফুল আলম, সোহাগ, আফরিন শিখা রাইসা, আসিফ আকরাম, জুবায়ের আহমেদ প্রমুখ।