নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের মাঠে বাংলাদেশের বিপক্ষে ওপেনিংয়ে ব্যাটে নামেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। অষ্টম ওভারে মেহেদী হাসান মিরাজের বলে সাজ ঘরে ফিরতে হয় পাক অধিনায়ককে। এরপর ধারাবাহিকতার প্রতিমূর্তি হয়ে ওঠেন মোহাম্মদ রিজওয়ান। শুরু থেকে শেষ পর্যন্ত ক্রিজে থাকলেন তিনি। ফলে পাকিস্তান স্কোরবোর্ডে গড়ল ভালো পুঁজি।
শুক্রবার (৭ অক্টোবর) ত্রিদেশীয় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে আগে ব্যাট করেছে পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৭ রান তুলেছে তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৭৮ রান আসে রিজওয়ানের ব্যাট থেকে। ৫০ বল মোকাবিলায় তিনি মারেন ৭ চার ও ২ ছক্কা।
শুরুতে নেমে অনেকটা দেখে শুনেই ব্যাট করতে থাকেন বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান। উদ্বোধনী জুটিতে ৫২ রান তোলার পর মিরাজের বলে বিচ্ছিন্ন হয় এই জুটি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তানের ইনিংসের মূল কারিগর ছিলেন তিনি। শুধু রান নয়, উইকেট ধরে রাখার কাজও করেছেন খুব ভালোভাবে।
এদিন দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়া খেলতে নামা বাংলাদেশের হয়ে বল হাতে নজর কাড়েন তাসকিন। ৪ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট পান তিনি। ১ উইকেট নিতে নাসুম আহমেদের খরচ হয় ২২ রান। সাম্প্রতিক সময়ে ছন্দহীনতায় ভোগা মোস্তাফিজ ৪৮ রান দিয়ে থাকেন উইকেটশূন্য। হাসান ৪২ রান দিয়ে নেন ১ উইকেট। মেহেদী হাসান মিরাজ ২ ওভারে ১২ রান দিয়ে শিকার করেন পাকিস্তান অধিনায়কের উইকেট।



















