ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ১:৩০ অপরাহ্ন

আগামী বছরের শেষ নাগাদ পরিস্থিতি প্রতিকূলে থাকবে

২০২৩ সালের শেষ নাগাদ সেমিকন্ডাক্টর বা চিপের বাজার প্রতিকূলে থাকবে বলে জানিয়েছেন গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান স্টেলান্টিসের প্রধান কার্লোস তাভারেস। ফরাসি সংবাদপত্র লে পারিসিয়েনের কাছে দেয়া এক সাক্ষাত্কারে তিনি এ কথা জানান। খবর রয়টার্স।

তাভারেস বলেন, ২০২৩ সালের শেষ নাগাদ পরিস্থিতি অস্থিতিশীল থাকবে। এরপর চিপ সংকটাবস্থার একটু উন্নতি হতে পারে। তিনি আরো বলেন, আমাদের সঙ্গে ব্যবসা করার জন্য সেমিকন্ডাক্টর উৎপাদনকারীরা পুনরায় আগ্রহ প্রকাশ করেছে। বিশেষ করে তারা এখন পণ্যের দাম বাড়াচ্ছে।

কয়েক বছর ধরে সেমিকন্ডাক্টর চিপের সংকট বিশ্বের শীর্ষ গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে লাখ লাখ ইউনিট উৎপাদন স্থগিতের সিদ্ধান্ত গ্রহণে বাধ্য করেছে। কভিড-১৯ মহামারীর প্রভাব এ সংকট আরো বাড়িয়ে দিয়েছে। সংকট কমতে শুরু করলেও গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে বড় পরিসরে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।

ফ্রান্সে চিপ সংকট উৎপাদনকারীদের বিক্রিতে ক্রমাগত বিরূপ প্রভাব ফেলছে। গাড়ি উৎপাদন ও বাজারজাত খাতের সঙ্গে সংশ্লিষ্টরা গত মাসে নতুন গাড়ির জন্য রেজিস্ট্রেশনের হার ৫ শতাংশ বাড়ার কথা জানালেও বছরের শুরুতে যেখানে ছিল তার থেকে ১২ শতাংশ নিচে রয়েছে।

অন্যদিকে এর আগে নভেল করোনাভাইরাস মহামারী, উৎপাদন ও সরবরাহ সংকট এবং অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে তুমুল প্রতিযোগিতার কারণে ইন্টেলের বাজার অবস্থান বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছিলেন প্রযুক্তি জায়ান্টটির প্রধান নির্বাহী প্যাট গেলসিঙ্গার। তবে এ সংকটাবস্থা থেকে উত্তরণের আগে ইন্টেলকে আরো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলে সতর্কবার্তা দিয়েছেন তিনি।

এভারকোর আইএসআই টিএমটি সম্মেলনে বক্তব্য দেয়ার সময় গেলসিঙ্গার বলেন, তার ধারণা, আগামী বছর সার্ভার বাজারে ইন্টেল উল্লেখযোগ্য হারে তাদের হিস্যা হারাবে। ২০২৫ সাল নাগাদ প্রতিষ্ঠানটি পুনরায় সফলতার মুখ দেখবে। এক ঘোষণায় তিনি বলেন, চলতি বছরের শুরুতে অপটেস মেমোরি ব্যবসা বিক্রি করে দেয়ার মাধ্যমে ইন্টেল অনেকটাই পিছিয়ে পড়েছে। তাই বর্তমানে প্রতিষ্ঠানটির যেসব পণ্য বাজারে ভালো অবস্থানে রয়েছে সেগুলোর বিক্রি বাড়াতে এখনই উদ্যোগ নেয়া প্রয়োজন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ