আগামী পাঁচ বছরে ২ দশমিক ৩ ট্রিলিয়ন ওন বা ১৬০ কোটি ডলার বিনিয়োগ করবে দক্ষিণ কোরিয়ার সেমিকন্ডাক্টর চিপ ওয়াফার সরবরাহকারী এসকে সিলট্রন। খবর দ্য কোরিয়াহেরাল্ড।
উত্তর জিয়েনসাং প্রদেশের গুমিতে অবস্থিত ওয়াফার প্লান্টের উৎপাদন সক্ষমতা বাড়াতে বিনিয়োগের অর্থ ব্যয় করা হবে। এর মাধ্যমে এসকে সিলট্রন ওয়াফার প্লান্টে আরো এক হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।
পরিকল্পনার অংশ হিসেবে এসকে সিলট্রনের বোর্ড সম্প্রতি ৮৫ হাজার ৫০০ কোটি ওন ব্যয় প্রকল্পের অনুমোদন দিয়েছে। এর মাধ্যমে ৩০০ মিলিমিটার ওয়াফারের উৎপাদন সক্ষমতা বাড়ানো হবে। সিলিকনের পাতলা বৃত্তাকার এ স্লাইসগুলো মাইক্রোচিপের একটি স্তর হিসেবে ব্যবহূত হয়ে থাকে। বাজার অবস্থার পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে আরো ৪০ হাজার কোটি ওন বিনিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে।


















