প্রতিবছরের মতো এবারও বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে মার্কিন প্রভাবশালী ম্যাগাজিন ফোর্বস। এতে, বরাবরের মতোই শীর্ষস্থানে রয়েছেন টেসলা ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। তার বর্তমান সম্পদের পরিমাণ ২১ হাজার ৯০০ মার্কিন ডলার।
তবে বিশ্বের শীর্ষ ১০ ধনীর তালিকা থেকে বাদ পড়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। গেল বছর বিপুল সম্পদ হারিয়েছেন তিনি। এ বছর শীর্ষ ধনীর তালিকায় ১৫ নম্বরে অবস্থান করছেন মার্ক জাকারবার্গ।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন অ্যামাজানের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তার সম্পদমূল্য ১৭ হাজার ১০০ কোটি ডলার। আর তৃতীয় স্থানে উঠে এসেছেন ফরাসি ফ্যাশন ব্র্যান্ড লুই ভিতোনের সহ-প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বার্নার্ড আরনল্ট। তার সম্পদমূল্য ১৫ হাজার ৮০০ কোটি মার্কিন ডলার।
এ ছাড়াও তালিকার চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে বিশ্বের সাবেক শীর্ষ ধনী মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এবং মার্কিন শীর্ষ ব্যবসায়ী ওয়ারেন বাফেট। তালিকায় দশ নম্বরে আছেন ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি।
ফোর্বসের প্রতিবেদনে বলা হয়, গেল বছরের সেপ্টেম্বর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত এক বছরে জাকারবার্গের সম্পদের পরিমাণ কমে গেছে প্রায় অর্ধেক। তার বর্তমান সম্পদমূল্য ৫ হাজার ৭৭০ কোটি মার্কিন ডলার। গেল বছরের সেপ্টেম্বরে তার সম্পদমূল্য ছিলো ৭ হাজার ৬৮০ কোটি ডলার। ফোর্বস বলছে, গেল এক বছরে যুক্তরাষ্ট্রে আর কোনো শীর্ষ ধনীর সম্পদের পরিমাণ এতটা কমেনি।
শুধু জাকারবার্গ নন, ফোর্বস সাময়িকীর ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের অধিকাংশ শীর্ষ ধনীই গেলো বছর সম্পদ খুইয়েছেন। অর্থাৎ, এক বছরে তাদের মোট সম্পদ কমে গেছে। বিশ্বের শীর্ষ ধনীর পাশাপাশি যুক্তরাষ্ট্রের শীর্ষ ৪০০ ধনীর একটি তালিকাও প্রকাশ করেছে ফোর্বস।