সম্প্রতি মুক্তি পাওয়া আলোচিত ‘হাওয়া’ চলচ্চিত্রের পরিচালক মেজবাউর রহমান সুমনের বিরুদ্ধে আদালতে দায়ের করা মামলা প্রত্যাহার করে নিয়েছেন বাদী।
আজ বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এ সংক্রান্ত আদেশ দেন।
এর আগে, গত ২৮ আগস্ট প্রত্যাহারের আবেদন করেন মামলার বাদী বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক নারগিস সুলতানা। তবে ওই দিন শুনানি শেষে আদেশের জন্য রাখা হয়। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী পারভেজ সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৯ জুলাই হাওয়া চলচ্চিত্রটি মুক্তি পায়। এর পরপরই একটি জাতীয় দৈনিকে প্রকাশিত চলচ্চিত্রটির রিভিউ থেকে জানা যায়, এই চলচ্চিত্রে একটি শালিক পাখিকে হত্যা করে চিবিয়ে খেয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী।
এ অভিযোগে গত ১৭ আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএস) আদালতে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক নারগিস সুলতানা বাদী হয়ে এই মামলার আবেদন করেন।