ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) পরিষেবা দেয়া প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণে নতুন আইন করেছে ভারত সরকার। ফলে প্রতিষ্ঠানগুলোকে ব্যবহারকারীদের পাঁচ বছরের রেকর্ড সংরক্ষণ করতে হবে। এ আইনের প্রতিক্রিয়া হিসেবে দেশটিতে থাকা ফিজিক্যাল সার্ভার সরিয়ে নিয়েছে প্রোটন ভিপিএন। খবর ইটিটেলিকম।
এক বিবৃতিতে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠানটি ২৫ সেপ্টেম্বর থেকে কার্যকর হতে যাওয়া নীতিমালাকে অত্যন্ত পশ্চাদগামী বলার পাশাপাশি মানুষের ব্যক্তিগত জীবনে সরকারের অনুপ্রবেশের উল্লেখযোগ্য বৃদ্ধি বলে জানিয়েছে। প্রোটনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যান্ডি ইয়েন বলেন, তথ্য সংরক্ষণসহ কোনো ধরনের নজরদারিমূলক আইন মেনে চলার বিষয়ে প্রোটনের কোনো আগ্রহ নেই। আমরা এর বিপরীত। আমরা এমন প্রযুক্তিতে বিনিয়োগে আগ্রহী, যা সব ধরনের নজরদারি ও নিষেধাজ্ঞা এড়িয়ে সব ব্যবহারকারীর উন্মুক্ত ইন্টারনেট ব্যবস্থায় ব্যক্তিগত প্রবেশ নিশ্চিত করবে। তবে ভারতের ব্যবহারকারীদের জন্য ভিপিএন পরিষেবা চালু থাকবে।


















