নর্ড ব্র্যান্ডের অধীনে প্রথম স্মার্টওয়াচ বাজারজাতের কথা জানিয়েছে প্রিমিয়াম স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ানপ্লাস। ভারতের বাজারে এ স্মার্টফোন উন্মোচন করা হবে। খবর ইটিটেলিকম।
নতুন স্মার্টওয়াচ আনার কথা জানালেও নতুন ডিভাইসের কোনো বৈশিষ্ট্য বা দামের বিষয়ে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটি এর আগে ওয়ানপ্লাস ফ্ল্যাগশিপ ব্র্যান্ডের অধীনে স্মার্টব্যান্ড ও স্মার্টওয়াচ বাজারজাত করেছিল। প্রতিষ্ঠানটি জানায়, নর্ড ওয়াচ ওয়্যারেবল বা পরিধানযোগ্য ডিভাইসের বাজারে ওয়ানপ্লাস নর্ডের অবস্থান শক্তিশালী করবে। পাশাপাশি আরো বেশি গ্রাহকের কাছে ওয়ানপ্লাসের প্রযুক্তি পৌঁছে দেবে।
স্মার্টওয়াচের আগে ওয়ানপ্লাস নর্ড বাডস, নর্ড বাডস সিই ও নর্ড ওয়্যারড ইয়ারফোনের মাধ্যমে ওয়ানপ্লাস এন্ট্রি লেভেলের হিয়ারিং সেগমেন্টে প্রবেশ করেছে। ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) তথ্যানুযায়ী, ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকে ঘড়িভিত্তিক ওয়্যারেবল ডিভাইসের বাজারজাত বছরওয়ারি হিসেবে ২৯৮ দশমিক ৪ শতাংশ বেড়েছে।