দেশের নন্দিত তারকা খান আসিফুর রহমান আগুন। তবে তিনি সবার কাছে আগুন নামেই অধিক পরিচিত। গানের মানুষ হিসেবেই তার খ্যাতি ও জনপ্রিয়তা। তবে গানের মানুষ হয়েও অভিনয় করে দর্শকের মন জয় করেছেন এই গায়ক। এবার আগুনকে দেখা যাবে একটি ওটিটি প্ল্যাটফর্মের সিরিজে। নাম ‘দ্য হলি গান’।
এতে প্রথমবার খল চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার সঙ্গে দেখা যাবে অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাকে। এ ছাড়াও রয়েছেন আহমেদ রুবেল, দীপা খন্দকার, শাহেদ আলী, অর্চিতা স্পর্শিয়া, রুকাইয়া জাহান চমক, জান্নাতুল সুমাইয়া হিমি, শাহেদ শরীফ খান, নাদিয়া নদী সহ অনেকে।
এ প্রসঙ্গে আগুন বলেন, সিরিজটি নিয়ে এখনই বিস্তারিত বলতে চাই না। তবে একটি ব্যতিক্রমী কাজ আমি করেছি, এটা জানাতে পারি। দেশীয় একটি ওটিটিতে দেখা যাবে সিরিজটি।
খল চরিত্রে কাজ করা প্রসঙ্গে তিনি বলেন, পর্দায় স্মার্ট ভিলেনরা সবসময়ই বাজিমাত করেছেন। দর্শক একজন হিরোকে যেমন স্মার্টলি দেখতে চায় একজন এন্টি হিরোকেও সেভাবে দেখতে চায়। সে চাহিদা থেকে আমার চরিত্রটি সবাই উপভোগ করবেন বলেই আমার বিশ্বাস।
সিরিজটি সম্পর্কে পরিচালক জুয়েল বলেন, থ্রিলার ঘরানার গল্প। ছয় পর্বের সিরিজ এটি। চরিত্র সম্পর্কে এখনই কিছু বলতে চাই না। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নিষেধ আছে। তবে দর্শক নতুন কিছু পাবেন এটা নিশ্চিত করতে পারি। খুব শিগগিরই ‘দ্য হলি গান’ মুক্তি পাবে।