প্রথম আট মাসে চীনের সেমিকন্ডাক্টর উৎপাদন ১০ শতাংশ কমেছে ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট
গত আগস্টে চীনের সেমিকন্ডাক্টর উৎপাদন রেকর্ড সর্বোচ্চ কমেছে। দেশটির জিরো কভিড পলিসি, অর্থনীতিতে শ্লথগতিতে ভোক্তা ব্যয় হ্রাসে সেমিকন্ডাক্টর উৎপাদনে প্রভাব পড়েছে।
সম্প্রতি চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো (এনবিএস) জানায়, আগস্টে চীনের ইন্টিগ্রেটেড সার্কিট (আইসি) উৎপাদন ২৪ দশমিক ৭ শতাংশ কমে ২ হাজার ৪৭০ কোটি ইউনিটে দাঁড়িয়েছে, ১৯৯৭ সালে উপাত্ত রাখা শুরুর পর যা সর্বনিম্ন। গত জুলাইয়েও চীনের সেমিকন্ডাক্টর উৎপাদন ১৬ দশমিক ৬ শতাংশ কমে ২ হাজার ৭২০ কোটি ইউনিটে দাঁড়িয়েছিল। এ নিয়ে টানা দুই মাসে দেশটির সেমিকন্ডাক্টর উৎপাদন কমল।
এনবিএস বলছে, আগস্টে চীনের পিসি, স্মার্টফোন, ভিডিও গেম কনসোল ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস উৎপাদন ১৮ দশমিক ৬ শতাংশ কমে ৩১ হাজার ৭৫০ কোটি ইউনিটে দাঁড়িয়েছে, ২০১৫ সালের ডিসেম্বরের পর যা সর্বনিম্ন। এসব পণ্য উৎপাদন কমার সঙ্গে সঙ্গে সেমিকন্ডাক্টর উৎপাদনও কমেছে। চলতি বছরের প্রথম আট মাসে চীনের মোট আইসি উৎপাদন ১০ শতাংশ কমে দাঁড়িয়েছে ২১ হাজার ৮১০ কোটি ইউনিট। নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধি, দাবদাহের ফলে সৃষ্ট বিদ্যুত্স্বল্পতায় বিভিন্ন খাতে কারখানা কার্যক্রম ব্যাহত হয়েছে। এতে উৎপাদনমুখী খাত থেকে চিপের চাহিদা কমেছে।
এনবিএসের সর্বশেষ উপাত্তে আরো স্পষ্ট হয়ে উঠেছে, সেমিকন্ডাক্টর শিল্পে স্বনির্ভরতায় চীনের প্রয়াস ততটা সফলতার মুখ দেখেনি। এ খাতে বিনিয়োগ বৃদ্ধি নিয়ে কোম্পানিগুলোর উন্মাদনাও কিছুটা কমেছে বলে মনে হচ্ছে।