মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পদ্মা নদীর মাঝি’র কুবের ও কপিলা চরিত্র দুটি এখনো মানুষের হৃদয়ে গেঁথে আছে। সেই উপন্যাস অবলম্বনে একই নামে সিনেমা নির্মাণ করেন গৌতম ঘোষ। ১৯৯৩ সালে মুক্তি পাওয়া সিনেমাটি ব্যাপক প্রশংসাও কুড়ায়।
কুবের ও কপিলা চরিত্র দুটি এবার আসছে ছোট পর্দায়। ‘এমন যদি হতো’ নামের একটি বিশেষ ধারাবাহিক নাটকে থাকছে চরিত্র দুটি। এতে কপিলার চরিত্রে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহিকে। আর কুবের চরিত্রটি করছেন মিশু সাব্বির।
বর্তমানে নাটকটির শুটিং চলছে ব্যাংককে। রাজিবুল ইসলাম রাজীবের রচনায় এটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ ও সাইদুর রহমান রাসেল। ইতোমধ্যেই শুটিংয়ে অংশ নিয়েছেন সামিরা খান মাহি।
নাটকটি প্রসঙ্গে মাহি বলেন, ‘এটা একেবারেই অন্যরকম একটি গল্প। চরিত্রগুলোও ইন্টারেস্টিং। এখানে জুটি থাকলেও একসঙ্গে তাদের কোনো দৃশ্য নেই। আমি কপিলা রূপে কাজ করছি এখানে। খুব আলাদা সাজ-পোশাকে এখানে আমাকে দেখা যাবে। দর্শকদেরও ভালো লাগবে বলে বিশ্বাস।’