শিক্ষার্থীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক জ্ঞান ও দক্ষতা বিকাশে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আইসিটি একাডেমি প্রতিষ্ঠা করবে বিশ্বের শীর্ষস্থানীয় আইসিটি অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড।
এ বিষয়ে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়টির সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে হুয়াওয়ে। গত এপ্রিলে বুয়েটে প্রথম আইসিটি একাডেমি চালু করে হুয়াওয়ে। পরে রুয়েটে আইসিটি একাডেমি স্থাপনের জন্য আগস্টে একটি এমওইউ স্বাক্ষর করে তারা।
রুয়েটে প্রতিষ্ঠিত হতে যাওয়া আইসিটি একাডেমি শিক্ষার্থীদের আইসিটি জ্ঞান ও ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের জন্য ডিজাইন করা হয়েছে। হুয়াওয়ের নিজস্ব লার্নিং প্লাটফর্মের মাধ্যমে রুয়েটের শিক্ষার্থীদের অনলাইন প্লাটফর্ম ও কোর্স প্রদান করবে।
পাশাপাশি রুয়েটের শিক্ষকরাও একাডেমিতে হুয়াওয়ের সনদপ্রাপ্ত প্রশিক্ষক হওয়ার সুযোগ পাবেন। পরে সেই শিক্ষকরা আইসিটি একাডেমিতে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেবেন, যেখানে শিক্ষার্থীরা সর্বশেষ আইসিটি ট্রেন্ড সম্পর্কে বিস্তৃত ধারণা লাভ করতে পারবেন।
রুয়েট ক্যাম্পাসের ভিসি কার্যালয়ে আয়োজিত এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন। আরো উপস্থিত ছিলেন হুয়াওয়ে (বাংলাদেশ) পাবলিক অ্যাফেয়ার্স ও কমিউনিকেশন বিভাগের কান্ট্রি ডিরেক্টর কার্ল ইউয়িংসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।



















