সামনের মাসে অস্ট্রেলিয়ায় বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। টুর্নামেন্টটির পর্দা উঠার এক মাস আগেই বিক্রি হয়ে গেছে ৫ লাখ টিকিট। আইসিসি নিজেই এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, এখন পর্যন্ত ৮২টি দেশের ভক্তরা বিশ্বকাপের বিভিন্ন ম্যাচের টিকিট কিনেছে। দুই বছর আগে ২০২০ সালে ওই প্রতিযোগিতার ফাইনালে এমসিজিতে ৮৬১৭৪ দর্শক খেলা দেখেছিল।
এদিকে এমসিজিতে ২৩ অক্টোবর অনুষ্ঠিতব্য ভারত-পাকিস্তানের ম্যাচটির সব টিকিট বিক্রি হয়ে গেছে এক মুহূর্তের মধ্যে। এমনকি এই ম্যাচের জন্য ছাড়া অতিরিক্ত স্ট্যান্ডিং টিকিটও বিক্রি শুরু হতেই শেষ।
শুধু ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটই নয়, বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার ২৭ অক্টোবরের ম্যাচের টিকিট এবং ভারত বনাম গ্রুপ এ রানারআপের খেলার টিকিটও সব শেষ। অতিরিক্ত টিকিট ছাড়া হলে অপেক্ষমাণ তালিকায় থাকা ভক্তরা কিনতে পারবেন।
তবে ২২ অক্টোবর এসসিজিতে নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার সুপার টুয়েলভ উদ্বোধনী ম্যাচের কিছু টিকিট এখনো রয়েছে। এছাড়া ৩০ অক্টোবর পাকিস্তান বনাম গ্রুপ এ রানারআপ ও ভারত বনাম দক্ষিণ আফ্রিকা এবং ৩ নভেম্বর পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচের খুবই কম টিকিট এখনো অবশিষ্ট রয়েছে।
আইসিসির আসন্ন এই বৈশ্বিক আসরে সব বয়সের ও ব্যাকগ্রাউন্ডের ভক্তদের স্বাগত জানাতে প্রস্তুত ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।