চলতি ও তার আগের বছর ফার্মওয়্যারে শনাক্ত করা একাধিক বাগের আপডেট বা সমাধান চালুর সময় আবারো পেছাল এইচপি এন্টারপ্রাইজ। টেকডেটরের তথ্যানুযায়ী, ফার্মওয়্যারের এসব ত্রুটি সমাধানে যদি প্রতিষ্ঠান থেকে ব্যবস্থা না নেয়া হয় তাহলে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যবহূত ডিভাইস ক্ষতিগ্রস্ত হবে। খবর টেকটাইমস।
বাগ বা সমস্যা সমাধানে ব্যবহারকারীরা নতুন করে উইন্ডোজ ইনস্টল করলেও ডিভাইসে ম্যালওয়্যারের সংক্রমণ হতে পারে। বাইনারলি প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২০২২ সালে ব্ল্যাকহ্যাটে বাগগুলোর তথ্য প্রকাশের পর থেকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সেগুলো সমাধানে কোনো নিরাপত্তা আপডেট দেয়া হয়নি। ফলে ভবিষ্যতে ব্যবহারকারীরা আরো বড় ধরনের হামলার ঝুঁকিতে রয়েছে।
দলটি জানায়, নির্দিষ্ট ডিভাইসগুলোর পাশাপাশি এইচপির অন্যান্য পণ্যে পাওয়া ছয়টি অত্যধিক ক্ষতিকর বাগ সমাধানে বাইনারলি সহায়তা করেছে। ২০২১ সালের জুলাইয়ে গবেষকরা তিনটি এবং চলতি বছরের এপ্রিলে আরো তিনটি বাগের বিষয়ে তথ্য প্রকাশ করেন।


















