এবার নুতন করে চমক দিতে চলেছে ভারতের টাটা গ্রুপ। দেশটির বৃহত্তম এ শিল্প সংস্থাটি তৈরি করবে আইফোন। মূলত চীনকে টেক্কা দিতেই এ আয়োজন। এরই মধ্যে তাইওয়ানের একটি কোম্পানির সঙ্গেও হাত মিলিয়েছে টাটারা। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরই শুরু করবে কাজ।
চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমাগত বাড়তে থাকা উত্তেজনার কারণেই চীনের বাইরে আইফোন উৎপাদনে সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল। এছাড়া চীনের বিভিন্ন শহরে ঘন ঘন লকডাউনের কারণেই ব্যাহত হচ্ছে উৎপাদন। এ পরিস্থিতিতে ভারতে আইফোন উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল। আর সেই কাজেই টিম কুকের সংস্থাকে সাহায্য করবে ভারতের বৃহত্তম এ শিল্প সংস্থা।
ভারতে লবণ, গাড়ি, সফটওয়্যার প্রায় সব কিছুই বিক্রি করে টাটারা। এবার ফোন উৎপাদনের ব্যবহার হাতেখড়ি হতে পারে ভারতীয় সংস্থাটির। এজন্য উইসট্রন কর্পোরেশনের সঙ্গে আলোচনা করছে টাটা গোষ্ঠী। বিদেশ থেকে আসা যন্ত্রাংশ অ্যাসেম্বল করে ভারতে অ্যাসেম্বল করা হবে আইফোন।
তাইওয়ানের এ সংস্থাটির কাছ থেকে প্রোডাক্ট ডেভেলপমেন্ট, সাপ্লাই চেইন ও অ্যাসেম্বলি সম্পর্কে সাহায্য নিতে পারে টাটা। এ প্রক্রিয়া এখনো আলোচনার পর্যায়ে রয়েছে।
এতদিন এ কাজ করতো তাইওয়ানের সংস্থা উইসট্রন ও ফক্সকন। চীন ও ভারতে আইফোন উৎপাদন করে এ প্রতিষ্ঠান। টাটা গ্রুপ আইফোন তৈরির এ ফরমায়েশ হাতে পেলে উৎপাদন ক্ষেত্রে চীনকে টেক্কা দেওয়ার পথে বড় পদক্ষেপ হবে ভারতের।



















