সর্বাধুনিক প্রযুক্তির ২ ন্যানোমিটারের প্রসেসর আনতে যাচ্ছে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)। সর্বোত্তম ও সবচেয়ে কার্যকর প্রযুক্তির এ চিপ ২০২৫ সালের মধ্যে গণ উৎপাদনে যাবে তাইওয়ানভিত্তিক সেমিকন্ডাক্টর জায়ান্টটি।
তাইওয়ানের সিনচুতে আয়োজিত একটি সিম্পোজিয়ামে টিএসএমসির সিইও সিসি ওয়েই নিশ্চিত করেন, ২০২৫ সালে পুরোদমে ২ ন্যানোমিটারের চিপ উৎপাদন শুরু হবে। ২০২৪-২৫ সালের মধ্যে ২ ন্যানোমিটারের প্রসেসর আনতে চাচ্ছে টিএসএমসির প্রধান প্রতিদ্বন্দ্বী স্যামসাং ও ইন্টেল। অবশ্য ৩ ন্যানোমিটারের চিপ আনার ক্ষেত্রে সবাইকে পেছনে ফেলে দিয়েছে স্যামসাং। চলতি মাসে সর্বাধুনিক প্রযুক্তির এ চিপ সরবরাহের পরিকল্পনা রয়েছে টিএসএমসির।
তাইওয়ানভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি জানায়, ২ ন্যানোমিটারের প্রসেসরে সর্বাধুনিক গেট-অল-অ্যারাউন্ড (জিএএ) কাঠামো ব্যবহার করা হচ্ছে।
২ ন্যানোমিটারের প্রসেসর উন্মোচনের আগেই বাণিজ্যিকভাবে ৩ ন্যানোমিটারের চিপ আনছে টিএসএমসি। গত বছর পরীক্ষামূলকভাবে ৩ ন্যানোমিটারের চিপ উৎপাদন শুরুর পর সম্প্রতি পুরোদমে উৎপাদনে যাচ্ছে তারা। ৩ ন্যানোমিটারের প্রসেসরে ফিনফিল্ড-ইফেক্ট-ট্রানজিস্টর (ফিনফেট) প্রযুক্তি ব্যবহার করা হয়। এ থ্রিডি ট্রানজিস্টর কাঠামোর ফলে কম বিদ্যুতে চিপের কার্যক্রম দ্রুততর করা যায়।
সিনচু সিম্পোজিয়ামে টিএসএমসি সিইও ওয়েই জানান, ৩ ন্যানোমিটারের প্রসেসর উন্নয়নে অনেক জটিলতার মধ্য দিয়ে গিয়েছে টিএসএমসি। কিন্তু পুরোদমে উৎপাদন শুরুর পর থেকেই বিভিন্ন গ্রাহক আগ্রহ প্রকাশ করে আসছেন।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, অ্যাপলের নতুন ম্যাকবুক সিরিজে টিএসএমসির ৩ ন্যানোমিটারের প্রসেসর ব্যবহার করা হবে।
সিইও ওয়েই জানান, টিএসএমসিতে দুই হাজারেরও বেশি আরঅ্যান্ডডি ডিজাইন বিশেষজ্ঞ রয়েছে। তবে আমরা আমাদের নিজস্ব ডিজাইন বিপণনের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে প্রতিযোগিতায় নেই। বরং গ্রাহকদের দিকে আমাদের সহযোগিতার হাত প্রশস্ত।
সিম্পোজিয়ামে টিএসএমসি নেতারা আরো জানান, তিনটি নতুন কারখানায় তারা সেমিকন্ডাক্টর উৎপাদন শুরু করবেন। তাইপে টাইমসের এক প্রতিবেদনে জানা যায়, কারখানা তিনটি তাইওয়ানের কাওসিউং, জাপান ও যুক্তরাষ্ট্রে।