ইতালির রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান জিএসইতে সম্প্রতি যে সাইবার হামলার ঘটনা ঘটেছে এর সঙ্গে ব্ল্যাকক্যাট হ্যাকিং গ্রুপের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। আক্রমণের মাধ্যমে হ্যাকাররা বিপুল তথ্য চুরি করেছে এবং দাবি পূরণ না হলে সেগুলো প্রকাশের হুমকিও দিয়েছে। সম্প্রতি নিরাপত্তা গবেষক ও নথি সূত্রে এ তথ্য জানা গিয়েছে। খবর রয়টার্স।
র্যানসমওয়্যার হামলায় হ্যাকাররা প্রতিষ্ঠান বা ব্যক্তির ডিভাইস কিংবা নেটওয়ার্কে অনুপ্রবেশের মাধ্যমে তথ্য চুরি করে এবং মুক্তিপণ আদায়ের জন্য তথ্য প্রকাশের হুমকি দেয়। ক্রিপ্টোকারেন্সি পেমেন্টের জন্য প্রায়ই তারা এ ধরনের কাজ করে। ব্ল্যাকক্যাট হ্যাকার গ্রুপ এএলপিএইচভি নামেও পরিচিত। গত বছরের নভেম্বরের মাঝামাঝি সময়ে গ্রুপটি আত্মপ্রকাশ করে এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন প্রতিষ্ঠানে জটিল আক্রমণ পরিচালনার জন্য পরিচিতি লাভ করে।
সম্প্রতি হ্যাকার গ্রুপটি দাবি জানিয়ে বলে, তারা জিএসই থেকে ৭০০ গিগাবাইটের বেশি তথ্য ডাউনলোড করতে সক্ষম হয়েছে; যেখানে বিভিন্ন প্রকল্পের, চুক্তির, অ্যাকাউন্ট-সংক্রান্ত তথ্য রয়েছে। পাশাপাশি গ্রুপটি চুরি করা তথ্যের কিছু ছবিও প্রকাশ করেছে।


















