স্মার্টওয়াচের তালিকায় নতুন আরেকটি ডিভাইস যুক্ত করেছে নয়েজ। সম্প্রতি ভারতের বাজারে কালারফিট ক্যালিবার গো উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। তবে নতুন ডিভাইসটিতে আগের ভার্সনের তুলনায় কিছু ফিচার কম দেয়া হয়েছে। খবর গিজমোচায়না।
গত বছরের ডিসেম্বরে আগের ভার্সনটি বাজারজাত করা হয়েছিল। নতুন উন্মুক্ত হওয়া স্মার্টওয়াচটি সাশ্রয়ী মূল্যের। এর দাম ২ হাজার রুপির মধ্যে। বোট, শাওমি, রিয়েলমি বা বাজারে থাকা এমন আরো কিছু ব্র্যান্ডের সঙ্গে প্রতিযোগিতা করবে নতুন এ ঘড়ি এমনটাই ধারণা সংশ্লিষ্টদের।
নয়েজ কালারফিট ক্যালিবার গোর ডান পাশে একটি চার কোনা ডায়াল থাকবে। ডিভাইসটিতে ১ দশমিক ৬৯ ইঞ্চির টিএফটি এলসিডি ডিসপ্লে থাকবে, যার রেজল্যুশন ২৪০–২৮০ পিক্সেল। এতে সর্বোচ্চ ৫০০ নিটস পিক পর্যন্ত উজ্জ্বলতা পাবে ব্যবহারকারী। স্মার্টওয়াচটি হবে পানি নিরোধক।
ফিটনেস বা শারীরিক সুস্থতা পরিমাপের জন্য নয়েজ কালারফিট ক্যালিবার গোয় একটি হূত্কম্পন মাপার মনিটর থাকবে। এছাড়া রক্তে অক্সিজেনের মাত্রা পরিমাপক এসপিও২ সেন্সরও থাকবে। সেই সঙ্গে ঘুম ও মানসিক চাপও অনুসরণ করা যাবে। পরিধানযোগ্য এ ডিভাইসে ৪০টি ওয়ার্কআউট মোড থাকবে। সেই সঙ্গে এটি ক্যালরি, পদক্ষেপ, কতটা দূরত্ব হলো এবং আরো অনেক কিছু ট্র্যাক করতে সক্ষম।



















