ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ৫:২৭ পূর্বাহ্ন

সুখ-দুঃখের গল্প করুন গুগলের সঙ্গে

কাছের মানুষের মতোই সুখ-দুঃখের গল্প করা যাবে কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে! তেমনই ইঙ্গিত দিচ্ছে গুগল। সম্প্রতি পরীক্ষামূলকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট উন্মুক্ত করেছে টেক জায়ান্টটি। তবে এ জন্য প্রথমেই নিবন্ধন করতে হবে।

গুগল এরই মধ্যে সতর্ক করেছে যে তার ”ল্যাঙ্গুয়েজ মডেল ফর ডায়লগ অ্যাপলিকেশনস” বা কথোপকথনের উপযোগী ভাষা কাঠামোর প্রাথমিক পূর্বরূপটি একেবারে নির্ভুল তো নয়ই, বরং ‘ভুল বা অনুপযুক্ত বিষয়বস্তু উপস্থাপিত হতে পারে।’ গুগলের ”এআই টেস্ট কিচেন” হলো এমন একটি অ্যাপ যেখানে সাধারণ মানুষ এআই প্রযুক্তি সম্পর্কে জানতে ও অভিজ্ঞতা অর্জন করতে পারেন, এমনকি প্রতিক্রিয়াও জানাতে পারেন।

চ্যাটবট হলো একধরনের কম্পিউটার প্রোগ্রাম বা সফটওয়্যার; যা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে গঠন করা হয়। অর্থাৎ এটি এমন একধরনের চ্যাট ইন্টারফেস, যেখানে আগে থেকেই প্রোগ্রামিংয়ের সাহায্যে বিভিন্ন তথ্য যুক্ত করা হয়। যেগুলোর মাধ্যমে সে পরবর্তী সময় মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারে।

গুগল দাবি করেছে, ‘আমাদের লক্ষ্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে একত্রে শেখা, উন্নতি করা এবং দায়িত্বের সঙ্গে নতুন কিছু উদ্ভাবন করা। আমরা ধীরে ধীরে ছোট ছোট গোষ্ঠীর মানুষের কাছেও পৌঁছতে চেষ্টা করছি।’

গুগল এবং মেটা উভয় প্রতিষ্ঠানই তাদের এআই কথোপকথনমূলক চ্যাটবট প্রকাশ করে জনসাধারণকে প্রতিক্রিয়া জানাতে বলেছে। মেটা গত সপ্তাহে বলেছিল যে, এআই চ্যাটবটগুলো অনুকরণ করে এবং তার ফলেই তারা অনিরাপদ, পক্ষপাতদুষ্ট বা আপত্তিকর মন্তব্য করে ফেলতে পারে।

এক ব্লগ পোস্টে মেটা জানিয়েছে, ‘ব্লেন্ডারবট এখনও অভদ্র বা আপত্তিকর মন্তব্য করতে পারে, এই কারণেই আমরা প্রতিক্রিয়া সংগ্রহ করছি যা ভবিষ্যতের চ্যাটবটগুলোকে আরও ভালো করতে সাহায্য করবে।’

গত মাসে, গুগল তার এক ইঞ্জিনিয়ারকে বরখাস্ত করেছে। কারণ ওই ব্যক্তি গোপনীয়তা চুক্তি লঙ্ঘনের করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ